শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ১৪:১৫, ২০ মে ২০২৬ | আপডেট: ১৪:১৬, ২০ মে ২০২৬
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান রেলওয়ে শ্রমিকদের জন্য নবম পে-স্কেল অনতিবিলম্বে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তিনি বলেন, দেশের রেল খাতকে আধুনিক, জনবান্ধব ও কার্যকর করতে হলে রেল শ্রমিকদের ন্যায্য দাবি দ্রুত মেনে নিতে হবে।
গত সোমবার (১৮ মে) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর কার্যালয়ে আয়োজিত রেল সেক্টরের সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেল সেক্টর চট্টগ্রাম মহানগরের সভাপতি মোঃ মনিরুল ইসলাম মজুমদার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক মোঃ হামিদুল ইসলাম। সভা সঞ্চালনা করেন রেল সেক্টরের সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, অবিলম্বে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে তা কার্যকর করতে হবে। একই সঙ্গে প্রথম ধাপে শতভাগ বেসিক ও সকল ভাতা বাস্তবায়নের দাবিও জানান তিনি।
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতন কাঠামো দিয়ে শ্রমিক-কর্মচারীদের পক্ষে পরিবার পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে বৈষম্য, জনবল সংকট ও অবহেলার মধ্যেও রেল শ্রমিকরা দায়িত্ব পালন করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
এস এম লুৎফর রহমান আরও বলেন, রেলওয়ের উন্নয়ন ছাড়া দেশের টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। তাই দ্রুত লোকোমোটিভ ও যাত্রীবাহী কোচ আমদানি করে সংকট নিরসনের পাশাপাশি দেশের ৬৪ জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনতে হবে। তিনি দাবি করেন, রেল খাত শক্তিশালী হলে সড়ক দুর্ঘটনা কমবে, পরিবহন ব্যয় হ্রাস পাবে এবং জাতীয় অর্থনীতি আরও গতিশীল হবে।
তিনি আরও বলেন, রেলওয়ের অসংখ্য পদ দীর্ঘদিন শূন্য থাকায় বিদ্যমান শ্রমিক-কর্মচারীদের অতিরিক্ত চাপ নিয়ে কাজ করতে হচ্ছে। তাই দ্রুত পদোন্নতি ও নতুন নিয়োগ সম্পন্ন করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশ রেলওয়ে এমপ্লীয়জ লীগের ২৮ দফা দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মনিরুল ইসলাম মজুমদার বলেন, রেল শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। তিনি সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সদস্যদের মধ্যে আদর্শিক চেতনা জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রেল সেক্টরের সহ-সভাপতি আসাদ উল্লাহ শিশির এবং অর্থ সম্পাদক মোঃ মাহমুদুল হাসানসহ অন্যান্য সদস্যরা।