ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬

২৮ আষাঢ় ১৪৩৩

উপবন এক্সপ্রেসে সিলেট ফেরার পথে নিখোঁজ, শায়েস্তাগঞ্জে রেললাইনের পাশে মিলল রাজনের মরদেহ

স্বপন কুমার সিং, বিশেষ প্রতিনিধিঃ

প্রকাশ: ০১:১১, ১৩ জুলাই ২০২৬

উপবন এক্সপ্রেসে সিলেট ফেরার পথে নিখোঁজ, শায়েস্তাগঞ্জে রেললাইনের পাশে মিলল রাজনের মরদেহ

সিলেটের জকিগঞ্জ উপজেলার গন্ধগত্ত এলাকার বাসিন্দা মাহবুব সরোয়ার রাজনের (৩০) মরদেহ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ–সাটিয়াজুরি রেলস্টেশনের মধ্যবর্তী দাসপাড়া এলাকায় রেললাইনের পাশের ঝোপ থেকে উদ্ধার করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাহবুব সরোয়ার রাজন ঢাকা বিমানবন্দর এলাকা থেকে উপবন এক্সপ্রেস ট্রেনে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে শায়েস্তাগঞ্জ–সাটিয়াজুরি রেলপথের দাসপাড়া এলাকায় উদ্ধার হওয়া মরদেহটি তার বলে পরিবারের সদস্যরা শনাক্ত করেন।
নিহতের বড় ভাই মো. মাহবুব বাংলাদেশ রেলওয়ের একজন কর্মচারী। তিনি কুমিল্লার এসএসই (পথ) বিভাগের অধীনে গ্যাং নং এমএল-৩৫-এর কি-ম্যান হিসেবে কর্মরত। ভাই-বোনদের মধ্যে রাজন ছিলেন সবার ছোট।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার লিটন চন্দ্র দাস একটি লিখিত মেমোর মাধ্যমে জানান, ঘটনাস্থলে আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তি অজ্ঞাত কোনো ট্রেনের ধাক্কায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন।
এ তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। মামলার নম্বর ২১/২৬, তারিখ ১২ জুলাই ২০২৬। মামলাটির তদন্তভার গ্রহণ করেছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মো. রাশেদ পারভেজ ছায়িম। বর্তমানে মামলার আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি অবহিত। নিহতের স্বজনরা আসার পর মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”
ঘটনার প্রকৃত কারণ জানতে রেলওয়ে পুলিশ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন