শিরোনাম
হোসাইন রাজিব, স্টাফ রিপোর্টার (পশ্চিমঅঞ্চল)
প্রকাশ: ১৭:৩৫, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ১৭:৩৬, ১২ জুলাই ২০২৬
*লালমনিরহাট, ১২ জুলাই:*
বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগে চলাচলকারী বিভিন্ন আন্তঃনগর ও কমিউটার ট্রেনে বিশেষ তদারকির জন্য বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করে একটি ডিউটি রোস্টার প্রকাশ করা হয়েছে।
বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়, বাংলাদেশ রেলওয়ে, লালমনিরহাট থেকে ১২ জুলাই ২০২৬ তারিখে জারি করা এ আদেশে ১৬ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত বিভিন্ন ট্রেনে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ডিউটি চলাকালে কর্মকর্তাদের সুবিধাজনক স্টেশন থেকে আকস্মিকভাবে ট্রেনে উঠে যাত্রীসেবা ও ট্রেন পরিচালনার বিভিন্ন বিষয় নিবিড়ভাবে পরিদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।
*পরিদর্শনের সময় যেসব বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে:*
* ট্রেনের কোচসমূহের পরিচ্ছন্নতা ও পরিবেশ।
* সিট, ফ্যান, লাইট, সিটের হেডরেস্ট ও জানালার পর্দার অবস্থা।
* ট্রেনে কর্মরত কর্মচারীদের ইউনিফর্ম, নেমপ্লেট ও আইডি ব্যবহারের বিষয়।
* টিকিট পরীক্ষা ও যাত্রীসেবার মান।
* অনবোর্ড ক্যাটারিং (যদি থাকে) ও খাবারের মান।
* কোচের অভ্যন্তরের অন্যান্য সুবিধা ও সার্বিক সেবার মান।
এছাড়া পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত কর্তৃপক্ষের কাছে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিদর্শনকালে কোনো অনিয়ম বা অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে ব্যাখ্যাও নেওয়া হবে বলে আদেশে উল্লেখ রয়েছে।
বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে এই উদ্যোগের মাধ্যমে ট্রেনের সেবার মান উন্নয়ন, যাত্রীসেবা নিশ্চিতকরণ এবং ট্রেন পরিচালনায় শৃঙ্খলা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।