ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

২৯ শ্রাবণ ১৪৩৩

চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রী নিহত

প্রকাশ: ১৯:৩৩, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:৩৩, ১৩ আগস্ট ২০২৬

চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রী নিহত

চাঁদপুর শহরের ছায়াবাণী রেলক্রসিং এলাকায় সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে রেলক্রসিংয়ের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে ছায়াবাণী রেলক্রসিং পার হওয়ার কিছুক্ষণ পরই ওই শিক্ষার্থী ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। পরে নিহতের সঙ্গে থাকা চাঁদপুর বিষ্ণুদী মডেল সিনিয়র মাদ্রাসার পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।

পরিচয়পত্র অনুযায়ী, তায়েবা আক্তার মাদ্রাসাটির নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম তাজুল ইসলাম এবং মায়ের নাম আমেনা বেগম। তার রক্তের গ্রুপ ও পজিটিভ এবং জন্মতারিখ ২৪ জুলাই ২০১২।

তবে দুর্ঘটনার সময় তিনি কেন রেললাইনে ছিলেন কিংবা কীভাবে ট্রেনের নিচে কাটা পড়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন