শিরোনাম
প্রকাশ: ১৯:০৭, ১২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:০৭, ১২ আগস্ট ২০২৬
রাজধানীর কর্মজীবী মানুষের যাতায়াত আরও সহজ করতে রাতে মেট্রোরেল চলাচলের সময় ও ট্রেনের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। চলতি মাসের শেষ দিকেই যুক্ত হচ্ছে বাড়তি দুটি ট্রেন, আর আগামী সেপ্টেম্বর থেকে রাতে চলাচলের সময় আরও আধা ঘণ্টা পর্যন্ত বাড়ানো হতে পারে।
বর্তমানে রাতে মতিঝিল থেকে উত্তরার পথে সর্বশেষ ট্রেন ছাড়ছে সাড়ে ১০টায়। আর উত্তরা থেকে রাতের সর্বশেষ ট্রেন ছাড়ছে ৯টা ৫০ মিনিটে। প্রতিদিন সকাল সাড়ে ৬টায় উত্তরা থেকে মতিঝিলগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে। আর মতিঝিল থেকে উত্তরাগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে সকাল সোয়া ৭টায়। সকালে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর বিষয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে ডিএমটিসিএলের কর্মকর্তারা জানিয়েছেন।
এছাড়া, আগামী সেপ্টেম্বর থেকে রাত ১১টা পর্যন্ত শেষ ট্রেন চালু রাখার পরিকল্পনা রয়েছে। সময় সম্প্রসারণের জন্য ট্রেনের প্রয়োজনীয় চালক বা অপারেটরদের প্রশিক্ষণ ইতোমধ্যেই শেষ পর্যায়ে, যা ২৬ আগস্ট সম্পন্ন হবে। রক্ষণাবেক্ষণ কাজ ঠিক রেখে সেবা প্রসারিত করতেই এই নতুন প্রস্তুতি। বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে ৪ লাখ যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করছেন।
ডিএমটিসিএল সূত্র জানায়, চলতি মাসের শেষ দিকেই বাড়তি দুটি ট্রেনের চলাচল শুরু হবে। এ ক্ষেত্রে এখন শেষ ট্রেনের মাঝখানে যে ২০ মিনিটের বিরতি আছে, তা কমে ৭ থেকে ৮ মিনিটে নেমে আসবে। এতে প্রতিদিন আনুমানিক আরও ১০ হাজার বাড়তি যাত্রী অনায়াসে যাতায়াত করতে পারবেন।
ডিএমটিসিএলের পরিচালক মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাতে দুটি ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। দিন-তারিখ শিগগিরই চূড়ান্ত করা হবে। ট্রেন বাড়লে দুই ট্রেনের বিরতিও কমে আসবে। আগামী মাসে রাতে মেট্রোরেলের সময় বাড়ানোর বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি।