শিরোনাম
মোঃ মোতাহার হোসেন সরকার (স্টাফ রিপোর্টার)
প্রকাশ: ১৬:৩৪, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:০০, ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে নতুন ব্রডগেজ কোচ আনার উদ্যোগ এবং কোচের ছাদ শক্তিশালী করার বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন সাবেক রেল কর্মকর্তা মাহবুব কবির মিলন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক ফেসবুক পোস্টে তিনি বাংলাদেশ রেলওয়েকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, রেলের চাহিদা অনুযায়ী ভারতীয় রেল নতুন কোচগুলোর ছাদ শক্তিশালী করেছে, যাতে ট্রেনের ছাদে যাত্রীরা ভ্রমণ করতে পারেন।
তিনি ব্যঙ্গ করে প্রশ্ন তুলেছেন, ছাদে যাত্রীরা ভ্রমণ করলে দীর্ঘ পথের যাত্রায় তাঁদের প্রাকৃতিক প্রয়োজন মেটানোর ব্যবস্থা কোথায় হবে।
পোস্টে মাহবুব কবির মিলন লিখেছেন, যাত্রীরা কোচের পাশে, দুই কোচের ফাঁকে কিংবা পানির ট্যাংকের ভেতরে কোথায় তাঁদের প্রয়োজন মেটাবেন, সে বিষয়ে রেলের একটি পরিষ্কার নির্দেশনা থাকা প্রয়োজন।
এ ছাড়া তিনি ছাদে যাত্রী চলাচলের জন্য দুই পাশে ফোল্ডিং রেলিং, আলাদা বেডিং এবং নিরাপত্তার জন্য হাতলওয়ালা চেয়ার ও দড়ির মতো বিভিন্ন ব্যবস্থা করার প্রস্তাবও ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেন।
তিনি আরও বলেন, ভারতীয় রেল জানিয়েছে, বাংলাদেশের যাত্রীদের কথা বিবেচনা করে এবং বাংলাদেশ রেলওয়ের চাহিদার ভিত্তিতেই নতুন কোচগুলোর ছাদ আরও শক্তপোক্ত করা হয়েছে। তাই বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে এমন চাহিদা না থাকলে ভারতীয় রেলের এ ব্যবস্থা করার কথা নয়।
পোস্টের শেষাংশে মাহবুব কবির মিলন নতুন কোচের ছাদ শক্তিশালী করার উদ্যোগকে ব্যঙ্গ করে এটিকে ‘আধুনিক ও যুগোপযোগী বর্বর ব্যবস্থা’ হিসেবে উল্লেখ করেন।