শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | সিলেট
প্রকাশ: ১২:০৮, ১২ আগস্ট ২০২৬
আগামী ১৬ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্টের ঢাকা বিভাগীয় শ্রমিক প্রতিনিধি নির্বাচন। এ নির্বাচনে ‘খ’ গ্রুপের শ্রমিক প্রতিনিধি পদে ‘বই’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আনোয়ার হোসাইন এম.এ (কামিল)।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সিলেটে এসে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ও ভোটারদের কাছে ‘বই’ মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি। এ সময় তিনি সকলের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন।
মো. আনোয়ার হোসাইন আরবি বিশ্ববিদ্যালয় থেকে এম.এ (কামিল) ডিগ্রি অর্জন করেছেন। তিনি নিজেকে সৎ, যোগ্য, কর্মঠ ও শ্রমিকবান্ধব প্রার্থী হিসেবে তুলে ধরে বাংলাদেশ রেলওয়ের কর্মচারীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি বলেন, নির্বাচিত হলে কল্যাণ ট্রাস্টের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জটিল ও কঠিন রোগে আক্রান্ত কর্মচারীদের চিকিৎসা অনুদান বৃদ্ধি, শিক্ষা সহায়তা ও শিক্ষাবৃত্তির সুযোগ সম্প্রসারণ এবং কর্মচারীদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করতে কাজ করবেন।
এছাড়া অবসরপ্রাপ্ত কর্মচারীদের সহায়তা বৃদ্ধি, কল্যাণ তহবিল পুনর্গঠন, কর্মচারীর মৃত্যু ও দাফন-কাফন সংক্রান্ত সহায়তা আরও কার্যকর করা এবং কল্যাণ ট্রাস্টের কার্যক্রম সংশ্লিষ্ট সব দপ্তরে দৃশ্যমান করার বিষয়েও অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।
বাংলাদেশ রেলওয়ে কল্যাণ ট্রাস্টের ২০২৬ সালের এ নির্বাচনে ‘খ’ গ্রুপের অন্তর্ভুক্ত মেকানিক্যাল (লোকো), ক্যারেজ, ইলেকট্রিক্যাল, মেডিকেল ও অ্যাকাউন্টস বিভাগের শ্রমিক প্রতিনিধি পদে ‘বই’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আনোয়ার হোসাইন।
নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, “বই মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে শ্রমিক-কর্মচারীদের সেবা করার সুযোগ দিন।”