ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

৯ অগ্রাহায়ণ ১৪৩৩

রেলের নিয়োগে দুর্নীতি: সাবেক মহাব্যবস্থাপকসহ ২ কর্মকর্তার সাজা

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৭:১০, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:১০, ২২ নভেম্বর ২০২৬

রেলের নিয়োগে দুর্নীতি: সাবেক মহাব্যবস্থাপকসহ ২ কর্মকর্তার সাজা

বাংলাদেশ রেলওয়ের একটি রেকর্ড কিপার পদে নিয়োগ দিতে লিখিত পরীক্ষার নম্বর পরিবর্তন করে মেধাতালিকা পাল্টে দেওয়ার অভিযোগে করা দুর্নীতির মামলায় রায় ঘোষণা হয়েছে। রায়ে সংস্থাটির পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে তিন বছর ও সাবেক সিনিয়র ওয়েলফেয়ার অফিসার (এসডব্লিউও) গোলাম কিবরীয়াকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডিত ইউসুফ আলী মৃধা মাদারীপুর সদর উপজেলার ধরাইল গ্রামের মৃত আব্দুল মজিদ মৃধার ছেলে। গোলাম কিবরীয়া শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মাছুয়াখালী গ্রামের আব্দুর রব বেপারীর ছেলে।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম কালবেলাকে বলেন, বাংলাদেশ রেলওয়ের নিয়োগসংক্রান্ত দুর্নীতির মামলায় সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও সাবেক সিনিয়র ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরীয়াকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বিশেষ মামলা নম্বর ৪/২০১৮-এর এ রায়ে ইউসুফ আলী মৃধাকে তিন বছর এবং গোলাম কিবরীয়াকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে রেকর্ড কিপারের একটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০১১ সালের ১৮ মার্চ চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০৯টি আবেদনের মধ্যে যাচাই-বাছাই শেষে ৭০ জনকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। তাদের মধ্যে ৩৭ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার খাতা মূল্যায়ন করেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের শিক্ষক।

দুদকের অনুসন্ধানে উঠে আসে, লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের পর শিক্ষক কর্তৃক প্রস্তুত করা নম্বরের টেবুলেশন শিটে ঘষামাজা ও ওভাররাইটিং করে নম্বর পরিবর্তন করা হয়। অভিযোগ অনুযায়ী, পরীক্ষার খাতা ও মূল নম্বরপত্র এসডব্লিউও গোলাম কিবরীয়ার হেফাজতে ছিল। তিনি মূল টেবুলেশন শিট নিয়োগ কমিটির কাছে সরবরাহ না করে নিজের তৈরি করা নম্বরের তালিকা দেন। সেই তালিকার ভিত্তিতে মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হয়।

দুদকের এজাহার সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষায় সর্বোচ্চ ৪৬ নম্বর পাওয়া মো. ইব্রাহিম খলিলের নম্বর ঘষামাজা করে ৪০ করা হয়। অন্যদিকে মো. সরোয়ার হোসেনের লিখিত পরীক্ষায় পাওয়া ৩১ দশমিক ৫ নম্বর বাড়িয়ে ৩৭ দশমিক ৫ করা হয়। মৌখিক পরীক্ষায় ইব্রাহিম খলিল ২২ এবং সরোয়ার হোসেন ২৮ নম্বর পান। ফলে নম্বর পরিবর্তনের আগে দুই পরীক্ষায় ইব্রাহিম খলিলের মোট নম্বর ছিল ৬৮ এবং সরোয়ার হোসেনের ৫৯ দশমিক ৫। কিন্তু নম্বর পরিবর্তনের পর সরোয়ারের মোট নম্বর দাঁড়ায় ৬৫ দশমিক ৫ এবং ইব্রাহিম খলিলের ৬২। এভাবে সরোয়ার হোসেনকে চূড়ান্তভাবে নির্বাচিত করে নিয়োগ দেওয়া হয়।

এজাহারে আরও বলা হয়, ২০১১ সালের ৮ মে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগেই নিয়োগ কমিটি গঠন করা হয়। অর্থাৎ লিখিত পরীক্ষার যাবতীয় কার্যক্রম শেষ হওয়ার পর কমিটি গঠন করা হয়েছিল। এছাড়া রেলওয়ের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী পাঁচ সদস্যের নির্বাচনী কমিটি গঠনের কথা থাকলেও তা অনুসরণ করা হয়নি বলে দুদকের অনুসন্ধানে উঠে আসে।

এ ঘটনায় ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নগরীর কোতোয়ালী থানায় মামলা করেন। এতে গোলাম কিবরীয়া, ইউসুফ আলী মৃধা ও নিয়োগের সুবিধাভোগী হিসেবে সরোয়ার হোসেনকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সরকারি নথিতে জালিয়াতি এবং দুর্নীতি প্রতিরোধ আইনে অপরাধের অভিযোগ আনা হয়।

মামলাটির তদন্ত শেষে ২০১৪ সালের ২৪ জুন প্রথম অভিযোগপত্র দাখিল করা হয়। তাতে ইউসুফ আলী মৃধাকে অব্যাহতির সুপারিশ করে গোলাম কিবরীয়া ও সরোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছিল। তবে আদালত ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে নিয়োগের সুপারিশ অনুমোদনকারী হিসেবে সুনির্দিষ্ট অভিযোগ থাকার বিষয়টি উল্লেখ করে ওই অব্যাহতির সুপারিশ গ্রহণ করেননি। অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত।

পরে দুদকের উপপরিচালক সৈয়দ আহমেদের নেতৃত্বে অধিকতর তদন্ত হয়। তদন্তে ইউসুফ আলী মৃধার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নকারী শিক্ষক জহিরুল ইসলামের বক্তব্যও তদন্তে নেওয়া হয়।

তার বক্তব্য অনুযায়ী, খাতা মূল্যায়ন শেষে তিনি নিজ হাতে নম্বরপত্র তৈরি করে স্বাক্ষরসহ গোলাম কিবরীয়ার কাছে জমা দিয়েছিলেন। জমা দেওয়ার সময় নম্বরপত্র ও খাতায় কোনো ঘষামাজা বা কাটাকাটি ছিল না। পরবর্তী সময়ে নম্বর পরিবর্তন কিংবা খাতায় উত্তর সঠিক থাকা সত্ত্বেও সেগুলোতে ভুল চিহ্ন দেওয়ার কাজ তিনি করেননি বলেও জানান।

অধিকতর তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি ইউসুফ আলী মৃধাসহ তিনজনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৮ সালের ২৫ এপ্রিল আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন