শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ২০:১৩, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:২৮, ২৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার্স এন্ড এক্সেসরিজ সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের (BRSASA) সভাপতি ফেরদৌস হুদা চৌধুরীর পক্ষে রেলপথ প্রতিমন্ত্রী ও মোশাররফ হোসাইন দীপ্তির নাম ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের গুরুতর অভিযোগ উঠেছে।
গত ২২ নভেম্বর ২০২৬ তারিখে সংগঠনটির প্যাডে প্রকাশিত এক চিঠিতে দাবি করা হয়, রেলপথ প্রতিমন্ত্রীর আলোচনার আশ্বাস এবং মোশাররফ হোসাইন দীপ্তির পরামর্শের পরিপ্রেক্ষিতে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।
আসলে বাস্তব ঘটনা হলো, রেলপথ প্রতিমন্ত্রী কোনো ধরনের প্রেস কনফারেন্স বন্ধের পক্ষে কখনোই ছিলেন না এবং এ ধরনের নির্দেশনাও তিনি দেননি। এমনটিই জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের ঘনিষ্ঠজনরা।
মোশাররফ হোসাইন দীপ্তি রেলনিউজকে বলেন, বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার্স এন্ড এক্সেসরিজ সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন আমাকে উপদেষ্টা করেছে। আমি কোনো মন্ত্রীর রেফারেন্স দেইনি। বলিনি, অমুক মন্ত্রী প্রেস কনফারেন্স বন্ধ করতে বলেছেন। হ্যাঁ, আমি বলেছি, এগুলো প্রেস কনফারেন্স না করেও আলোচনা করে সমাধান করা যায়।
অবশ্য অ্যাসোসিয়েশন তাদের চিঠিতে সভাপতির বিরুদ্ধে পরিচালিত প্রচারণাকে ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা বলে দাবি করেছে।
কোনো ব্যবসায়িক সংগঠনের ব্যানার ব্যবহার করে সরকারি উচ্চপর্যায়ের ব্যক্তিদের নাম ভাঙিয়ে ব্যক্তিস্বার্থ হাসিল, প্রশাসনকে বিভ্রান্ত কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার অধিকার কারও নেই।
অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দুর্নীতি, অনিয়ম ও রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখে সংবাদ সম্মেলনের মঞ্চ ত্যাগ করেন বিতর্কিত ব্যবসায়ী ও অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস হুদা চৌধুরী।
বিষয়টি একাধিক সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে। এর পরদিন সরকারি উচ্চপর্যায়ের ব্যক্তিদের নাম উল্লেখ করে সংবাদ সম্মেলন স্থগিতের ব্যাখ্যা দেওয়ায় নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।
রেলপথ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার উচিত অবিলম্বে বিষয়টির সুষ্ঠু, নিরপেক্ষ ও গভীর তদন্ত নিশ্চিত করা।