শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১২:৩৯, ২৬ নভেম্বর ২০২৬
মেট্রোরেলের বদৌলতে উত্তরাবাসীর জীবনযাত্রার মান উন্নত হয়েছে অনেকগুণ। রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পসহ নজরকাড়া আলীশান বহুতল ভবনে সমৃদ্ধ এখন উত্তরা। মেট্রোরেলের সুবাদে দিয়াবাড়ী এলাকায় বেড়েছে ফ্ল্যাট ও জমির দাম।
যানজট এড়িয়ে কর্মঘণ্টা সাশ্রয়ে মেট্রোরেল প্রকল্প উত্তরাবাসীর জন্য আশীর্বাদ হয়ে এসেছে। প্রকল্পটি বাস্তবায়ন হওয়ার পর থেকে উত্তরা থেকে মতিঝিলগামী অফিসযাত্রীদের যাতায়াত সহজ হয়েছে। লাখো মানুষ চলাচলের পাশাপাশি সরকারি-বেসরকারি চাকরিজীবীদের যাতায়াতে সময় বাঁচলেও ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্যদের উৎপাতে স্থানীয় বাসিন্দা, পথচারী ও ব্যবসায়ীদের মাঝে বাড়ছে চরম উদ্বেগ।
সন্ধ্যার পরপরই ভিন্ন আমেজ সৃষ্টি হয় দিয়াবাড়ী মেট্রোরেল স্টেশন এলাকায়। মোটরসাইকেল মহড়া চলে হরহামেশা। কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের দাপটে আতঙ্কিত ওই এলাকার ছোট ছোট ব্যবসায়ীরা।
সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনায় সন্ধ্যার পরপরই অন্ধকারে ঢেকে যায় বিশাল এলাকাটি। স্থানীয় কয়েকজন বাড়ির মালিক ও ব্যবসায়ীদের অভিযোগ, এ সুযোগ কাজে লাগিয়ে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী, কিশোর গ্যাং সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যা মামলার আসামিরা এলাকায় নিরাপদ আশ্রয় নিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে। তারা সড়কে ককটেল ফাটানোসহ চুরি-ছিনতাই করছে। গত কয়েকদিনে তুরাগ থানা পুলিশ অভিযান চালিয়ে অনেক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা আরো জানান, ৫ আগস্ট পরবর্তী সময় থেকে প্রতিশোধ নিতে আওয়ামী লীগের দুর্বৃত্তরা মেট্রোরেল স্টেশনগুলোর ক্ষতি করার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছে। প্রশাসনের নজরদারির ঘাটতির সুযোগ নিয়ে নীরব দিয়াবাড়ীকে ধীরে ধীরে অশান্ত করে তোলার অভিযোগ উঠেছে। ইতোমধ্যে উত্তরা-মিরপুর মেট্রোরেল স্টেশন ও নিচের সড়কগুলোতে পর্যাপ্ত আলোর অভাবে হয়ে উঠছে সন্ত্রাসীদের অভয়ারণ্য।
সরকারিসেবা
স্থানীয়দের দাবি, মেট্রোরেল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসন এখনই যদি উত্তরা দিয়াবাড়ী থেকে মিরপুর পর্যন্ত মেট্রোরেলের নিচের সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, পুলিশি টহল জোরদার ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কার্যকর নজরদারি নিশ্চিত না করে, তবে যেকোনো সময় নাশকতাকারীদের হাতে মেট্রোস্টেশন ক্ষতিগ্রস্ত হতে পারে। পথচারীরা বলছেন, অপ্রীতিকর ঘটনার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ দায় এড়িয়ে গেলেও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কোনোভাবেই দায় এড়াতে পারবে না।
এ বিষয়ে জানতে চাইলে ওই এলাকার দায়িত্বরত তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দিয়াবাড়ী একটি বিনোদনকেন্দ্র হওয়ায় এখানে প্রচুর লোকসমাগম হয়। জনগণ যাতে ছিনতাইয়ের শিকার না হন, সেজন্য পুলিশ নিয়মিত বিশেষ করে মোটরসাইকেল, সাদা রঙের প্রাইভেটকার ও মাইক্রোবাসে রাতে তল্লাশি চালাচ্ছে।
তবে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে পর্যাপ্ত আলোর অভাবকে চিহ্নিত করে ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হলো স্ট্রিট লাইট। রাতের বেলা অন্ধকার থাকার কারণে পুলিশের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে সমস্যা হয়’।
তিনি আরো জানান, মেট্রোরেলের নিচের এ সড়কটির দেখভালের বিষয়টি মেট্রোরেল কর্তৃপক্ষ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন। তিনি থানায় যোগদানের পরপরই সড়কে স্ট্রিট লাইট এবং সিসি ক্যামেরা স্থাপনের জন্য মেট্রোরেল কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন এবং ফোনেও অনুরোধ জানিয়েছেন। প্রায় দুই-তিন মাস আগে মেট্রোরেল কর্তৃপক্ষ ফান্ডিংয়ের সমস্যার কথা উল্লেখ করে সরকারি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। মেট্রোরেল কর্তৃপক্ষ অথবা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনÑ যারাই হোক, জনগণের নিরাপত্তা ও পুলিশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে অতি শিগগিরই যেন এলাকায় স্ট্রিট লাইট ও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে, সড়কে আলোর স্বল্পতা ও সিটি কর্পোরেশনের ভূমিকা প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৬ এর এক কর্মকর্তা জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি মডেল সিটি কর্পোরেশন হিসেবে কাজ করছে এবং পুরো উত্তরায় বিদ্যুৎ বিশেষ করে রোড লাইট সরবরাহের ক্ষেত্রে অত্যন্ত প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে।
তিনি বলেন, ‘আমাদের সিটি কর্পোরেশনের আওতাধীন যতগুলো এলাকা আছে, সেখানে আমাদের কাজ চলমান রয়েছে এবং আমরা দিন দিন অগ্রগতির দিকে যাচ্ছি। আর কোনো এলাকায় যদি এখনো কোনো গ্যাপ (ঘাটতি) থেকে থাকে, সেটি আমাদের নলেজে আসলে আমরা কাজ করবো। দিয়াবাড়ীর মেট্রোরেল স্টেশনগুলোতে আমাদের কাজ চলমান ও প্রক্রিয়াধীন রয়েছে, ধীরে ধীরে সবগুলো কাজ সম্পন্ন হবে’।