শিরোনাম
প্রকাশ: ১৯:১০, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:১০, ২৪ নভেম্বর ২০২৬
রেলওয়েতে চাকরি ও জমি পাইয়ে দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কক্সবাজার রেলওয়ে স্টেশনে কর্মরত খালাসি শুভংকর দে’র বিরুদ্ধে। পয়েন্টম্যান পদে নিয়োগের আশ্বাস দিয়ে লাখ টাকা নেওয়ার পাশাপাশি রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামে জাল সিল তৈরি ও সেগুলো ব্যবহার করে ভুয়া কাগজপত্র প্রস্তুতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গোপনে ধারণ করা ভিডিওতে তার কক্ষে বিভিন্ন কর্মকর্তার নামে সিল, খাম, ফাইল ও কাগজপত্র দেখা গেছে। চাকরি না পেয়ে টাকা ফেরত চাওয়া এক যুবক কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছবি ও শিক্ষাসনদ সংগ্রহ করা হতো বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। কোনো আনুষ্ঠানিক নিয়োগ প্রক্রিয়া ছাড়াই পয়েন্টম্যান কিংবা পোর্টার পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ দাবি করা হয়। পরে রেলওয়ের কর্মকর্তাদের নাম-পদবি ব্যবহার করা সিল ও কাগজপত্র দেখিয়ে তাদের বিশ্বাস অর্জন করা হতো।গোপনে ধারণ করা ভিডিওতে তার কক্ষে টেবিলের ওপর রাখা একের পর এক সিল বের করে দেখানো হয়—যেন সিলের বাজার বসেছে সেখানে। বিভিন্ন দপ্তরের সিল, সিলের বক্স, খাম, ফাইল, স্ট্যাম্প পেপার ও চেক বই দেখা যায়।
অভিযোগ রয়েছে, চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে এসব সিলের আড়ালে জাতীয় পরিচয়পত্রের কপি, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাসনদসহ নানা গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা হতো। সিলগুলোর মধ্যে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও দপ্তরের নাম-পদবিযুক্ত সিল ছাড়াও একজন চিকিৎসকের সিল রয়েছে।গোপনে ধারণ করা ভিডিওতে একটি বাক্সে একাধিক সিল দেখা যায়। এর মধ্যে রয়েছে ‘লুৎফুর রহমান, প্রধান ভূমি কর্মকর্তা, বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল), চট্টগ্রাম’, ‘মুস্তাফিজুর রহমান, ডিআরএম (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে’, ‘জনাব রফিকুল ইসলাম, চিফ কমান্ডার (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে’, ‘বাংলাদেশ রেলওয়ে, স্টেট অফিস, পূর্বাঞ্চল’, ‘মো. শুভক্তোগীন, মহাব্যবস্থাপক, বাংলাদেশ রেলওয়ে (পূর্ব), চট্টগ্রাম’, ‘পে অ্যান্ড ক্যাশ—নগদ গ্রহণ, বাংলাদেশ রেলওয়ে’ এবং ‘তানভীরুল ইসলাম, চিফ ইঞ্জিনিয়ার, বাংলাদেশ রেলওয়ে (পূর্ব), চট্টগ্রাম’ লেখা সিল। এ ছাড়া একজন চিকিৎসকের নাম, ডিগ্রি ও পেশাগত পরিচয়সংবলিত সিলও দেখা গেছে। তার কক্ষে আসা ব্যক্তিদের জন্য বিভিন্ন জাল কাগজপত্র তৈরি করতে এসব নকল সিল সংগ্রহ করেছেন চক্রটির সদস্যরা বলে অভিযোগ রয়েছে।ছয় লাখ টাকা দিয়েও চাকরি পাননি
এ ঘটনায় গত ২৯ অক্টোবর কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেন অপু কান্তি দে (২৮)। এতে শুভংকর দে ও তার স্ত্রী এনি প্রভা দে’কে আসামি করা হয়েছে।
অপু তার অভিযোগে উল্লেখ করেন, শুভংকর তার আত্মীয় এবং কক্সবাজার রেলওয়ে স্টেশনে কর্মরত। ২০২৪ সালের ৪ আগস্ট পয়েন্টম্যান পদে চাকরি দেওয়ার কথা বলে তার কাছে ছয় লাখ টাকা চান শুভংকর। তার কথায় বিশ্বাস করে সোনালী ব্যাংকের চট্টগ্রাম শাখার একটি হিসাবে পাঁচ লাখ টাকা এবং জনতা ব্যাংকের কক্সবাজার শাখার অন্য একটি হিসাবে এক লাখ টাকা জমা দেন তিনি। ছয় মাসের মধ্যে চাকরি দেওয়ার আশ্বাস থাকলেও তা হয়নি।
আবেদনে আরও বলা হয়, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর চাকরির বিষয়ে জানতে চাইলে নানা অজুহাতে ঘোরানো হয়। একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন শুভংকর। পরে আত্মীয়স্বজন নিয়ে তাঁর সঙ্গে দেখা করে টাকা ফেরত চাইলে বিভিন্ন সময় ও তারিখ দেওয়া হয়। খুরুশকুল ইউনিয়নের টাইমবাজার এলাকায় শুভংকরের বাড়িতে গিয়ে টাকা চাইলে খারাপ আচরণ ও ভয়ভীতি দেখানো হয় বলেও উল্লেখ করেন অপু। অর্থ আত্মসাতের আশঙ্কায় তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ ও টাকা উদ্ধারের আবেদন জানান।
ঋণ করে চাকরির আশায় টাকা দিয়ে বিপাকে
নিজের জমানো টাকা নয়, ধারদেনা ও কিস্তিতে টাকা জোগাড় করে চাকরির আশায় শুভংকরকে দিয়েছিলেন অপু। কিন্তু চাকরির বদলে এখন ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন তিনি। বিভিন্ন সময়ে চাকরির আবেদন করে হতাশ হওয়ার পর স্বপ্ন দেখেছিলেন রেলওয়েতে চাকরির। সেই সময় তার নিকটাত্মীয় বাসায় এসে বাংলাদেশ রেলওয়েতে চাকরির আশ্বাস দেন। নিজেকে বড় কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার জালে ফেলেন এই যুবককে বলে অভিযোগ।
ভুক্তভোগী অপু কান্তি দে বলেন, শুভংকর আমার ফুফাতো বোনের স্বামী। আমরা তখন লামায় থাকতাম। আমি বিভিন্ন জায়গায় চাকরির জন্য আবেদন করছিলাম। ওই সময় শুভংকর আমাকে রেলওয়েতে পয়েন্টম্যান পদে চাকরির প্রস্তাব দেন। আমি রাজি হলে তিনি আবেদন করতে বলেন। আবেদনের পর চাকরির জন্য টাকা দিতে হবে বলে জানান। প্রথমে পাঁচ লাখ টাকা দিলে চাকরি হলে বাকি ১০ লাখ টাকার চুক্তি হয়। পরে আরও টাকা দাবি করেন।
অপু বলেন, ‘প্রথমে পাঁচ লাখ টাকা দিয়েছি। পরে উনি বলেন, স্যারের জন্য আরও এক লাখ টাকা লাগবে। আমি বলেছি, এত টাকা দেওয়া সম্ভব না। প্রথম পাঁচ লাখ টাকাও আমাদের ঋণ সমিতি থেকে ধার করে দিয়েছি। তখন উনি বারবার চাপ দিতে থাকেন, আরও এক লাখ টাকা দিতে হবে, না হলে হবে না। বাধ্য হয়ে অন্য জায়গা থেকে ঋণ নিয়ে সেই এক লাখ টাকাও দিয়েছি।’
চাকরি পাওয়ার আশায় ধারদেনা করে টাকা দিলেও দিনের পর দিন শুধু আশ্বাস পেয়েছেন বলে জানান অপু। তিনি বলেন, ‘উনি বলেছিলেন, মাসখানেকের মধ্যে চাকরি হয়ে যাবে। এভাবে বলতে বলতে প্রায় তিন বছর পার হয়ে গেছে। পয়েন্টম্যান পদে তৃতীয় ও চতুর্থ প্যানেল পর্যন্ত হয়েছে, কিন্তু আমার চাকরি হয়নি। টাকা চাইতে গেলে উনি আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।’
অপু জানান, টাকা লেনদেনের প্রমাণ হিসেবে শুভংকরের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর নথি তাঁর কাছে রয়েছে। তবে চাকরির জন্য কোনো কাগজপত্র দেওয়া হয়নি। শুভংকর নিজেকে বড় কর্মকর্তা পরিচয় দিলেও বাস্তবে ওই পদে ছিলেন না বলে জানতে পেরেছেন। বর্তমানে তিনি কক্সবাজার রেলওয়ে স্টেশনে খালাসি পদে কর্মরত।
অপু বলেন, ‘উনি আমার ফুফাতো বোনের স্বামী। পরিচিত মানুষ, আত্মীয়। উনি বাসায় আসতেন, চাকরির কথা বলতেন। উনার কথায় বিশ্বাস করে আমরা ঋণ করে টাকা দিয়েছি। আমার পরিবারও বিষয়টি জানতেন। এখন টাকা চাইতে গেলে দিচ্ছেন না, যোগাযোগও বন্ধ করে দিয়েছেন। এজন্য আমি কক্সবাজার সদর থানায় নথিপত্রসহ লিখিত অভিযোগ করেছি।’
ধার করা টাকা পরিশোধ করতে না পারায় আর্থিক সংকটে পড়েছেন অপু। ঋণের কিস্তি ও সুদের চাপ বাড়ছে দিন দিন। তিনি বলেন, ‘এগুলো আমাদের কর্জ করা টাকা। প্রতি মাসে কিস্তি দিতে হয়, সুদও বাড়ছে দিনে দিনে। অনেক কষ্ট করে টাকা জোগাড় করেছি। এখন সেই টাকা ফেরত পেতে চেষ্টা করছি। চাকরি তো পাইনি, অন্তত আমাদের ধার করা টাকাগুলো ফেরত চাই।’
টাকা ফেরতের অপেক্ষায় আরেক ভুক্তভোগী
নাম প্রকাশ না করার শর্তে আরেক ভুক্তভোগী বলেন, শুভংকর বিভিন্ন মাধ্যমে আমার কাছ থেকুও টাকা নিয়েছেন। চাকরির আশ্বাস দিলেও এখন পর্যন্ত চাকরি হয়নি, টাকাও ফেরত পাইনি। তবে এখনো থানায় অভিযোগ কিংবা মামলা করিনি। আইনি পথে টাকা ফেরত পেতে দীর্ঘ সময় লাগতে পারে—এমন আশঙ্কায় অপেক্ষা করছি।
তিনি জানান, শুভংকর আগামী মাসে টাকা ফেরতের একটি তারিখ দিয়েছেন। নির্ধারিত সময়ে চাকরি দিতে না পারলে টাকা ফেরত দেওয়ার আশ্বাসও দিয়েছেন। চাকরির অপেক্ষায় থাকতে থাকতে কোনো কাজে মন বসছে না বলেও জানান তিনি।কাগজপত্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের যে কাগজপত্র দিয়েছেন, সবকিছু দিন-তারিখ, সিল, স্বাক্ষর আছে। তাহলে কীভাবে জাল হতে পারে, এসব আমি তো নিজেও জানি না।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শুভঙ্কর দে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘অপু কান্তি দে-র কাছ থেকে চাকরির নামে কোনো টাকা নিইনি। আত্মীয় হিসেবে আমার স্ত্রীকে দেওয়ার কথা বলে আমাকে টাকা দেওয়া হয়েছিল। এখন আমার স্ত্রী ও অন্যদের যোগসাজশে আমাকে ফাঁসানো হচ্ছে।’
অন্য ভুক্তভোগী ও কক্ষে পাওয়া সিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কাছে পাওয়া সিল ও ভিডিওগুলো জোর করে, সাজানোভাবে তৈরি করা হয়েছে। আমি কক্সবাজার রেলওয়ে স্টেশনে খালাসি পদে কর্মরত।’
আরও অভিযোগ রয়েছে, চাকরির আশ্বাস দিয়ে কয়েকজনকে ফাঁকা চেক দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে চাকরি না হলে চেকে নিজেরাই টাকা বসিয়ে তুলে নিতে পারবেন—এমন কথা বলে তাদের আশ্বস্ত করা হতো। এসব চেক রেলওয়ের দপ্তরের ব্যাংক হিসাবের বলে পরিচয় দেওয়া হতো বলে অভিযোগ ভুক্তভোগীদের।