শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১২:৫৭, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫৭, ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়ের মান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতাধীন পূর্বাঞ্চলের শ্যামগঞ্জ শাখার বিরামপুর লেভেল ক্রসিংয়ে (গেইট নং- ই/১৯/সি) নির্ধারিত দায়িত্ব নিজে পালন না করে অন্যের মাধ্যমে ডিউটি করানোর অভিযোগ উঠেছে তিন অস্থায়ী গেইট কিপারের বিরুদ্ধে।
এ বিষয়ে গত ২৫ সেপ্টেম্বর বিভাগীয় প্রকৌশলী-১, বাংলাদেশ রেলওয়ে, ঢাকার কাছে ডাকযোগে একটি লিখিত অভিযোগ পাঠিয়েছেন ইকবাল নামে এক ব্যক্তি। অভিযোগে বিরামপুর লেভেল ক্রসিংয়ে কর্মরত রনি বাবু, মিনহাজুল ইসলাম ও সাথিবুর রহমানের নাম উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, সংশ্লিষ্ট লেভেল ক্রসিংয়ে প্রকল্পের অস্থায়ী গেইট কিপার হিসেবে তিনজন দায়িত্ব পালন করছেন। সরকারি রোস্টার ও কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রত্যেকের নির্ধারিত সময়ে নিজ নিজ দায়িত্ব পালনের কথা থাকলেও রনি বাবু ও মিনহাজুল ইসলাম নিয়মিতভাবে নিজেদের নির্ধারিত ডিউটি পালন না করে সাথিবুর রহমানের মাধ্যমে দায়িত্ব পালন করিয়ে থাকেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও দাবি করা হয়, আর্থিক লেনদেনের মাধ্যমে দীর্ঘদিন ধরে এভাবে ডিউটি পরিচালনা করা হচ্ছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগকারী সংশ্লিষ্ট গেইটের ডিউটি রোস্টার, উপস্থিতি ও ডিউটি রেজিস্টার পর্যালোচনা এবং বাস্তবে কোন গেইট কিপার কোন সময়ে দায়িত্ব পালন করেছেন তা যাচাই করে তদন্তের দাবি জানিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বাংলাদেশ রেলওয়ের প্রচলিত বিধি ও প্রশাসনিক নিয়ম অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।