শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২০:১৪, ৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:১৫, ৮ অক্টোবর ২০২৬
ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে bookmyrailbd.com নামের একটি অননুমোদিত ওয়েবসাইটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের দাবি, ওয়েবসাইটটি স্বয়ংক্রিয় বট (Automated BOT) ব্যবহার করে ই-টিকিটিং সিস্টেম থেকে বিপুল সংখ্যক টিকিট কৃত্রিমভাবে ব্লক করে তা অতিরিক্ত মূল্যে কালোবাজারে বিক্রি করছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে জানায়, bookmyrailbd.com একটি অননুমোদিত ও অবৈধ ওয়েবসাইট। এর মাধ্যমে টিকিট কৃত্রিমভাবে নিয়ন্ত্রণের ফলে সাধারণ যাত্রীরা ন্যায্য মূল্যে রেলের টিকিট থেকে বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে এ ধরনের কার্যক্রম সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে বলে জানিয়েছে রেলওয়ে।
অবৈধ এই চক্রের বিরুদ্ধে ইতোমধ্যে তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। ই-টিকিটিংয়ের নিরাপত্তা জোরদার এবং বট প্রতিরোধে জরুরি কারিগরি ব্যবস্থা নিতে টিকিটিং পার্টনার সহজ লিমিটেডকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
এ ছাড়া bookmyrailbd.com-সংশ্লিষ্ট অবৈধ চক্রকে শনাক্ত করে গ্রেপ্তার ও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর পত্র পাঠানো হয়েছে। পাশাপাশি ওয়েবসাইটটির ডোমেইন, সংশ্লিষ্ট আইপি এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ থেকে ব্লক করার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছে রেলওয়ে।
বাংলাদেশ রেলওয়ে যাত্রীদের সতর্ক করে জানিয়েছে, টিকিট কেনার ক্ষেত্রে শুধুমাত্র রেলের অনুমোদিত মাধ্যম ব্যবহার করতে হবে। যাত্রীরা অফিসিয়াল ই-টিকিটিং ওয়েবসাইট ও Rail Sheba অ্যাপ থেকে টিকিট কেনার জন্য অনুরোধ করা হয়েছে।
একই সঙ্গে কোনো অননুমোদিত ওয়েবসাইট, অ্যাপ বা তৃতীয় পক্ষের কাছ থেকে টিকিট না কেনার আহ্বান জানিয়েছে রেলওয়ে। টিকিট কালোবাজারি বা অনিয়মের কোনো তথ্য থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোরও অনুরোধ করা হয়েছে।