শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১১:১৭, ৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:১৭, ৮ অক্টোবর ২০২৬
নাটোর রেলওয়ে স্টেশনে জার্মান নাগরিকের ব্যাগ চুরির ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজে চুরির পুরো কৌশল ধরা পড়ার পর অভিযুক্ত যুবককে শনাক্ত করেছে রেলওয়ে পুলিশ। চুরি যাওয়া ব্যাগ উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তারে রাতভর অভিযান চালাচ্ছে সান্তাহার রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ।
পুলিশ জানায়, জার্মান নাগরিক ক্রিল লেন্ডার উইবার নাটোর রেলওয়ে স্টেশনে অবস্থানকালে তার ব্যাগটি চুরি হয়। ঘটনার খবর পাওয়ার পর বুধবার রাতেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে শুরু হয় বিশ্লেষণ।
ফুটেজে দেখা যায়, হলুদ রঙের কটি পরা এক যুবক কৌশলে জার্মান নাগরিকের সঙ্গে ‘বন্ধুত্ব’ গড়ে তোলেন। একপর্যায়ে সুযোগ বুঝে নিজের কটি খুলে চুরি করা ব্যাগটি তার ভেতরে লুকিয়ে ফেলেন। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।
সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ওই যুবককে শনাক্ত করেছে পুলিশ। তার পরিচয় ও অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, খবর পাওয়ার পর থেকেই ব্যাগটি উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তার এবং চুরি যাওয়া ব্যাগ উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
পুলিশের দাবি, ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।