ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের ট্রেনে নোংরা বিছানা দেখে অবাক বিদেশি ভ্লগার

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ০০:৫২, ৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ০০:৫২, ৮ অক্টোবর ২০২৬

বাংলাদেশের ট্রেনে নোংরা বিছানা দেখে অবাক বিদেশি ভ্লগার

জনপ্রিয় বিদেশি ট্রাভেল ভ্লগার ‘হিউজ অ্যাব্রড’ বাংলাদেশের ট্রেনের কেবিনে অপরিচ্ছন্ন পরিবেশ ও নোংরা বিছানা দেখে বিস্ময় প্রকাশ করেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে তিনি এই অসন্তোষের কথা তুলে ধরেন।

ভিডিওতে বাংলাদেশি ট্রেনের বিলাসবহুল বা সেরা কেবিনের বেহাল দশা তুলে ধরে তিনি বলেন, ‘বিছানার কভার ও বালিশগুলো অত্যন্ত নোংরা এবং সেগুলোতে বড় বড় কালো দাগ লেগে আছে। ট্রেনটি ছাড়ার আগে আদৌ পরিষ্কার করা হয়েছে কি-না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।’

কেবিনের নোংরা চাদর ও বালিশ ব্যবহার না করে তিনি নিজের পরিষ্কার একটি অ্যাডিডাস টি-শার্ট বালিশের কভার হিসেবে ব্যবহার করেন। নোংরা পরিবেশ সত্ত্বেও তিনি সেই বেডে শুয়ে ট্রেনের আসন বা বেডের পরিমাপ সম্পর্কে মতামত দেন।

তিনি জানান, ‘বিছানাটি বেশ শক্ত হলেও চওড়ায় ভালোই জায়গা রয়েছে। চাইলে দুজন বা একটি পরিবার কিছুটা মানিয়ে নিয়ে বসতে বা ঘুমাতে পারবে।’

তবে কেবিনের ভেতরের দেয়ালগুলোতে ময়লা, পপকর্ন এবং বিভিন্ন লেখালেখি দেখে ট্রেনের সার্বিক পরিচ্ছন্নতা নিয়ে হতাশা প্রকাশ করেন এই আন্তর্জাতিক ভ্রমণকারী।

উল্লেখ্য, ফেসবুকে ভিডিওটি প্রকাশের পর থেকেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রেলওয়ের সেবা ও কেবিনের পরিচ্ছন্নতার মান নিয়ে নেটিজেনদের মধ্যে নানা সমালোচনা তৈরি হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন