ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

২৮ আশ্বিন ১৪৩৩

সৈয়দপুর রেলকারখানা পরিদর্শনে মন্ত্রী, কোচ সংস্কারের মান উন্নয়নে কঠোর নির্দেশনা

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ২১:৫১, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৫৭, ১৩ অক্টোবর ২০২৬

সৈয়দপুর রেলকারখানা পরিদর্শনে মন্ত্রী, কোচ সংস্কারের মান উন্নয়নে কঠোর নির্দেশনা

রেলকোচ সংস্কারে গুণগত মান নিশ্চিত করা, যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধি এবং রেলসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, এমপি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন। পরিদর্শনের সময় মন্ত্রী রেলকোচের জানালার সংস্কারকাজ সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

এ সময় সংস্কারকাজে ব্যবহৃত উপকরণের মান, কাজের গুণগত মান ও স্থায়িত্বের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন মন্ত্রী। রেলকোচ সংস্কারে কোনো ধরনের ত্রুটি যাতে যাত্রীসেবার মান ও নিরাপত্তাকে বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

মন্ত্রী বলেন, মানসম্মত সংস্কার, নিরাপদ যাত্রা ও উন্নত যাত্রীসেবা নিশ্চিত করাকে রেলওয়ের প্রতিটি কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সংস্কারকাজে গুণগত মান বজায় রাখার পাশাপাশি দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে, যাতে রেলকোচের স্থায়িত্ব বাড়ে এবং যাত্রীরা নিরাপদ ও মানসম্মত সেবা পান।

সৈয়দপুর রেলওয়ে কারখানা বাংলাদেশ রেলওয়ের কোচ রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা। এ কারখানার সংস্কারকাজের মান উন্নয়নের মাধ্যমে রেলকোচের কার্যক্ষমতা বজায় রাখা এবং যাত্রীসেবার মানোন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

পরিদর্শনকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন