শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৮:২৯, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:৩১, ১২ অক্টোবর ২০২৬
রেলপথ ও রেলওয়ে স্টেশন এলাকায় অপরাধ প্রতিরোধ, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরের মেলান্দহ রেলওয়ে স্টেশনে বিট পুলিশিং সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে জামালপুর রেলওয়ে থানা পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেলান্দহ রেলওয়ে স্টেশনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্টেশন মাস্টার মো. উজ্জল, মেলান্দহ মালঞ্চ মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আব্দুল মালেক, কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মো. সোহাগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার যাত্রীরা অংশ নেন। সভায় প্রায় ৭০ থেকে ৮০ জন উপস্থিত ছিলেন।
সভায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, মাদক সেবন, রেললাইনের যন্ত্রাংশ চুরি, স্টেশন এলাকায় হকারদের অবৈধ কার্যক্রম, ইভটিজিং, কিশোর গ্যাংয়ের অপরাধ, পকেটমার ও ছিনতাই এবং টিকিট কালোবাজারিসহ রেলওয়ে এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধ নিয়ে আলোচনা করা হয়।
এ সময় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ফলে যাত্রীদের প্রাণহানি ও গুরুতর আহত হওয়ার ঝুঁকি সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের সচেতন করা হয়। পাশাপাশি রেলওয়ের সম্পদ রক্ষা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পুলিশকে দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সভা শেষে উপস্থিত যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
জামালপুর রেলওয়ে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রেলওয়ে স্টেশন ও রেলপথে অপরাধ প্রতিরোধ, রেলওয়ের সম্পদ রক্ষা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।