শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৬:০১, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:০১, ১২ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি বন্ধে বিশেষ অভিযান চালিয়ে ৪০টি ট্রেনের টিকিটসহ মোঃ রিপন মিয়া ওরফে কালু মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি ও জাল টিকিটের দৌরাত্ম্য রোধ এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কয়েকজন টিকিট কালোবাজারি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এ তথ্যের সত্যতা যাচাইয়ে স্টেশনে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে রিপন মিয়াকে আটক করা হয়।
আটকের সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে বিভিন্ন ট্রেনের ৮৩টি আসনের বিপরীতে ৪০টি টিকিট পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি বন্ধ এবং যাত্রীদের স্বাভাবিকভাবে টিকিট কেনার সুযোগ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।