ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

২৮ আশ্বিন ১৪৩৩

আখাউড়ায় পয়েন্টসম্যানের মৃত্যু, অবহেলার অভিযোগ তদন্তের দাবি।

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ২৩:৪৭, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:৪৭, ১৩ অক্টোবর ২০২৬

আখাউড়ায় পয়েন্টসম্যানের মৃত্যু, অবহেলার অভিযোগ তদন্তের দাবি।

বাংলাদেশ রেলওয়ের আখাউড়া বাইপাস জংশন স্টেশনে কর্মরত পয়েন্টসম্যান মোঃ শাহ আলমের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতার অভিযোগ তুলে ক্ষোভ ও নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে নিরপেক্ষ তদন্ত এবং রেলওয়ের ঝুঁকিপূর্ণ কর্মস্থলগুলো সংস্কারের দাবি জানানো হয়েছে।

প্রতিবাদ বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে কর্মরত অবস্থায় আখাউড়া বাইপাস জংশন স্টেশনের কর্মরত কক্ষে অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে পড়েন পয়েন্টসম্যান মোঃ শাহ আলম। প্রথমে তাঁকে আখাউড়ায় চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, একজন রেলওয়ে কর্মীর কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। রেলওয়ের কর্মীরা প্রতিকূল পরিবেশে দায়িত্ব পালন করে ট্রেন চলাচল নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাঁদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব।

বিবৃতিতে আরও বলা হয়, আখাউড়া বাইপাস জংশন স্টেশনের কর্মরত কক্ষ এবং লেভেল ক্রসিং গেট নং টি/১-স্পেশালের ঘুমটির পরিবেশ ও অবকাঠামোগত অবস্থা সরেজমিনে তদন্ত করা প্রয়োজন। সেখানে বায়ু চলাচল, তাপমাত্রা নিয়ন্ত্রণ, বিশুদ্ধ পানীয় জল এবং প্রয়োজনীয় স্বাস্থ্য ও নিরাপত্তাব্যবস্থার ঘাটতি রয়েছে কি না, তা খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এ ঘটনায় পাঁচ দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—পয়েন্টসম্যান মোঃ শাহ আলমের মৃত্যুর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, কর্মপরিবেশের সম্ভাব্য অব্যবস্থাপনা বা অবহেলার বিষয়টি নির্ধারণ, আখাউড়া বাইপাস জংশন স্টেশনের কর্মরত কক্ষ ও সংশ্লিষ্ট লেভেল ক্রসিংয়ের ঘুমটি সংস্কার, রেলওয়ের সব স্টেশনের কর্মপরিবেশ পরিদর্শন এবং দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ।

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, রেলওয়ের কর্মীদের জীবন ও নিরাপত্তা কোনোভাবেই অবহেলার শিকার হতে পারে না। কর্মীদের দিয়ে দায়িত্ব পালন করানোর পাশাপাশি তাঁদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। একজন কর্মীর মৃত্যুর পরও যেন একই ধরনের ঝুঁকি অন্যদের জীবনকে বিপন্ন না করে, সে জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

একই সঙ্গে মোঃ শাহ আলমের মৃত্যুর প্রকৃত কারণ ও সম্ভাব্য দায় নির্ধারণে নিরপেক্ষ তদন্তের ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে তদন্ত শুরু, ঝুঁকিপূর্ণ কর্মস্থল সংস্কার এবং কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতির শেষাংশে মরহুম মোঃ শাহ আলমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন