ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

১ আশ্বিন ১৪৩৩

চলন্ত ট্রেন থেকে পড়ে গেল ৯ মাসের শিশু, ২৩ ঘণ্টা পর উদ্ধার

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮:৫৯, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৫৯, ১৫ সেপ্টেম্বর ২০২৬

চলন্ত ট্রেন থেকে পড়ে গেল ৯ মাসের শিশু, ২৩ ঘণ্টা পর উদ্ধার

দিল্লি থেকে বিহার যাওয়ার পথে চলন্ত সীমাঞ্চল এক্সপ্রেস থেকে পড়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের ফয়জুল্লাহপুর স্টেশনের কাছে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। প্রায় ২৩ ঘণ্টা পর রেললাইনের পাশের ঝোপঝাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দিল্লির সীতাপুরী এলাকার বাসিন্দা মোহন কুমার স্ত্রী কাজল ও ৯ মাসের ছেলেকে নিয়ে বিহারের বেগুসরাই জেলার সালৌনা গ্রামে যাচ্ছিলেন। আনন্দ বিহার থেকে সীমাঞ্চল এক্সপ্রেসের এস-১ কোচে ৬১ ও ৬৪ নম্বর বার্থে ছিলেন তারা।

পুলিশ জানায়, মোহন শৌচাগারে যাওয়ার সময় কাজল শিশুকে খাওয়াচ্ছিলেন। একপর্যায়ে শিশুটিকে কোলে নিয়েই ঘুমিয়ে পড়েন তিনি। ট্রেনটি ফয়জুল্লাহপুর স্টেশনের কাছে পৌঁছালে শিশুটি মায়ের কোল থেকে পিছলে আপৎকালীন জানলা দিয়ে বাইরে পড়ে যায়। ফিরে এসে সন্তানকে না পেয়ে পুরো কামরায় খোঁজাখুঁজি করেন মোহন ও কাজল।

পরে সন্তান ট্রেন থেকে পড়ে গেছে বুঝতে পেরে খাগা ও সিরাথুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় চেন টানার চেষ্টা করেন মোহন। তবে তার অভিযোগ, যাত্রী ও ট্রেনকর্মীরা তাকে বাধা দেন। এরপর প্রয়াগরাজ পর্যন্ত গিয়ে রেলপুলিশকে বিষয়টি জানান তিনি।

পুলিশ ও রেলপুলিশের যৌথ দল রাতে রেললাইনের পাশে তল্লাশি শুরু করে। পরে ফয়জুল্লাহপুর স্টেশনের কাছে ঝোপের মধ্যে শিশুটির মরদেহ পাওয়া যায়। ঘন ঝোপঝাড় ও জল জমে থাকায় তল্লাশিতে সমস্যা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

জিআরপি এসপি প্রশান্ত কুমার বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মায়ের কোল থেকে পিছলে শিশুটি আপৎকালীন জানলা দিয়ে পড়ে যায়। তার মাথায় আঘাতের চিহ্নও পাওয়া গেছে।

মোহন বলেন, তিন বছর পর বাড়ি ফেরার পথে সন্তানকে হারিয়েছেন তারা। ময়নাতদন্ত শেষে শিশুটির মরদেহ নিয়ে বিহারে না গিয়ে দিল্লি ফিরে যান বাবা-মা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন