শিরোনাম
প্রকাশ: ২৩:০৭, ৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:০৮, ৪ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিমবঙ্গের কলকাতায় মেট্রোরেল থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। এতে অগ্নিকাণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেলগাছিয়া মেট্রো স্টেশনে এমন ঘটনা ঘটে। পরে দ্রুত খালি করানো হয় মেট্রোরেলের কামরা। যাত্রীদের বের করে আনা হয় নিরাপদভাবে।
কলকাতা মেট্রো সূত্রে জানা যায়, ব্লু লাইনে অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর আপ লাইনে মেট্রো থেকে হঠাৎ প্রচুর ধোঁয়া বের হতে দেখা যায়। মেট্রোটি বেলগাছিয়া স্টেশনে পৌঁছতেই দেখা যায় যে একটি কামরা থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে। নিমেষে গোটা বগি ধোঁয়ায় ভরে যায়। চরম আতঙ্কিত হয়ে পড়েন মেট্রোর যাত্রীরা। কোনোমতে তারা মেট্রো থেকে হুড়মুড়িয়ে স্টেশনে নেমে পড়েন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনোভাবে শর্ট সার্কিট থেকেই হয়তো আগুন লেগেছিল। তার জেরেই প্রচুর ধোঁয়া বের হতে থাকে। এই ঘটনার জেরে সাময়িকভাবে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা ব্যাহত হয়। প্রায় দুই ঘণ্টা পর ধীরে ধীরে মেট্রো পরিষেবা স্বাভাবিক করা হয়।
কী কারণে ধোঁয়া বের হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। রেকটিকে নিরাপদে কারশেডে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।