শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ০২:০৩, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০২:০৩, ১৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের লাইভ (সরাসরি) অবস্থান জানার সুবিধার্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে ‘শাটল ট্রেন ট্র্যাকার’ অ্যাপ চালু করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।
চাকসু জানিয়েছে, শাটল ট্রেনের ট্র্যাকিং অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই শাটল ট্রেনের লাইভ অবস্থান জানতে পারবেন। পাশাপাশি শাটল সংক্রান্ত যেকোনো অভিযোগও অ্যাপের ‘কমিউনিটি বোর্ডে’ জানানো যাবে। প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নির্দিষ্ট তথ্য দিয়ে নিবন্ধন করতে পারবেন শিক্ষার্থীরা। তিন লক্ষ টাকা ব্যয়ে পাঁচ মাসের চেষ্টায় অ্যাপটি তৈরি করা হয়েছে। অ্যাপটি ডেভেলপড করেছে চবির দুজন শিক্ষার্থী।
উদ্বোধনী পর্বে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘আমরা সবসময় চাকসুর পাশে আছি। শিক্ষার্থীদের সুবিধার্থে চাকসু যে শাটল ট্রেন ট্র্যাকার অ্যাপ তৈরি করেছে, এটি সম্পূর্ণ ছাত্রকল্যাণমুখী উদ্যোগ। এজন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি একটি নতুন মাইলফলক হয়ে থাকবে।’
চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, ‘অনেকদিন পর শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত শাটল ট্র্যাকার অ্যাপ উদ্বোধন করা হয়েছে। আমরা আশা করছি, এর মাধ্যমে শিক্ষার্থীদের সময় অপচয় রোধ হবে ও শাটলের লাইভ লোকেশন জানতে পারবে।”
চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, ‘আমাদের ইশতেহারের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট ছিল শাটল ট্র্যাকার অ্যাপ চালু করা। তারই পরিপ্রেক্ষিতে আমরা দীর্ঘ পাঁচ মাস চেষ্টা করে এই অ্যাপটির কাজ সম্পন্ন করেছি। আশা করছি, শিক্ষার্থীরা শাটলের লাইভ লোকেশন যেভাবে জানতে পারবে, একইসঙ্গে শাটল সংক্রান্ত যে কোনো অভিযোগ অ্যাপের মাধ্যমে জানাতে পারবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে চাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর, ভিপি ইব্রাহীম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব, এজিএস আয়ুবুর রহমান তৌফিক, যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঞাঁসহ চাকসুর অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।