ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

১ আশ্বিন ১৪৩৩

২৩ জন মহাপরিচালকের সঙ্গে ৩৯ বছর চাকরি, মাহমুদা বেগমের অবসরজনিত বিদায় সংবর্ধনা

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮:৪৯, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৮:০৭, ১৬ সেপ্টেম্বর ২০২৬

২৩ জন মহাপরিচালকের সঙ্গে ৩৯ বছর চাকরি, মাহমুদা বেগমের অবসরজনিত বিদায় সংবর্ধনা

বাংলাদেশ রেলওয়ের পরিচিত মুখ মাহমুদা বেগম। দীর্ঘ ৩৯ বছর চাকরিজীবনে বাংলাদেশ রেলওয়ের ২৩ জন মহাপরিচালকের সঙ্গে কাজ করার বিরল অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। কর্মজীবনের দীর্ঘ পথচলা শেষে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন রেলওয়ের মহাপরিচালকের দপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা মাহমুদা বেগম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রেলওয়ে ভবনে তাঁর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সহকর্মীদের ভালোবাসা ও আবেগঘন পরিবেশে বিদায় জানানো হয় দীর্ঘদিনের এই রেলকর্মীকে।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (আই) মো. সুবক্তগীন, অতিরিক্ত মহাপরিচালক (আরএস) ফকির মো. মহিউদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. নাজমুল ইসলাম,  সুশীল কুমার হালদার এবং অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) আল ফাতাহ মো. মাসউদুর রহমান।

এছাড়াও মহাপরিচালকের দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

৩৯ বছরের কর্মজীবনের স্মৃতিচারণ:
বাংলাদেশ রেলওয়েতে ৩৯ বছরের চাকরিজীবনে মাহমুদা বেগম দায়িত্ব পালন করেছেন  একই দপ্তরে বিভিন্ন মহাপরিচালকের সাথে। কর্মজীবনে ২৩ জন মহাপরিচালকের সঙ্গে কাজ করার সৌভাগ্য অর্জন তাঁর দীর্ঘ চাকরিজীবনের অন্যতম উল্লেখযোগ্য অধ্যায়।

রেলওয়ের মহাপরিচালকের দপ্তরের একজন পরিচিত মুখ হিসেবে সহকর্মীদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের কর্মসম্পর্ক গড়ে উঠেছে। বিদায় অনুষ্ঠানে সেই সম্পর্কের স্মৃতিচারণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অশ্রুসিক্ত নয়নে বিদায়:
দীর্ঘদিনের সহকর্মীকে বিদায় দিতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। অশ্রুসিক্ত নয়নে মাহমুদা বেগমকে আনুষ্ঠানিক বিদায় জানান সহকর্মীরা। কর্মজীবনের নানা স্মৃতি ও তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা অনুষ্ঠানে উঠে আসে।

বিদায়ী বক্তব্যে মাহমুদা বেগম সহকর্মীদের কাছে দোয়া কামনা করেন। চাকরিজীবনে তাঁর কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি। নিজের বক্তব্যে তিনি বলেন, কোনো ভুল হয়ে থাকলে তা তাঁর সীমাবদ্ধতার কারণে হয়েছে; কোনো অবহেলা বা ইচ্ছাকৃত কারণে নয়।

দীর্ঘ কর্মজীবনের সহকর্মীদের ভালোবাসা ও শুভকামনা নিয়ে অবসরে গেলেন মাহমুদা বেগম। তাঁর বিদায়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের দপ্তরে নেমে আসে আবেগঘন পরিবেশ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন