শিরোনাম
প্রকাশ: ১৪:২৫, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ১৪:২৬, ২৬ জুলাই ২০২৬
রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অভিযানে ১৫টি মামলায় মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম ও নজরুল ইসলামের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মতিঝিল মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকার ফুটপাত ও জনচলাচলের পথ দখল করে গড়ে ওঠা ভাসমান দোকান এবং অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ১৫টি মামলা দায়ের করে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
ডিএমটিসিএল জানায়, মেট্রোরেলের যাত্রীদের নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। অভিযানের সময় সংশ্লিষ্টদের ফুটপাত দখলমুক্ত রাখা, জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করা এবং আইন মেনে চলার বিষয়ে সতর্ক ও সচেতন করা হয়।
অভিযান শেষে মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকার অবৈধ দখলমুক্ত পরিবেশ নিশ্চিত হয়, ফলে যাত্রীদের চলাচল আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হয়েছে।
এ অভিযানে এমআরটি পুলিশ, মতিঝিল থানা পুলিশ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ডিএমটিসিএলের আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।