শিরোনাম
মুহাম্মাদ মুছা
প্রকাশ: ১৮:১০, ২৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:১৩, ২৭ আগস্ট ২০২৬
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে মেট্রোরেলসহ কয়েকটি মেগা প্রকল্পের ব্যয় বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ এমপি। তিনি অভিযোগ করেন, আগের সরকারের সময়ে মেট্রোরেল প্রকল্পে আশপাশের দেশগুলোর তুলনায় কয়েক গুণ বেশি বরাদ্দ নেওয়া হয়েছিল। সম্প্রসারণ লাইন এমআরটি পাস-নর্থ ও এমআরটি-১ প্রকল্পের বরাদ্দও যথাক্রমে প্রায় ১২৬ ও ১৩০ শতাংশ বাড়ানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সংসদে তিনি বলেন, ৪২ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪৬৭ মিলিয়ন ডলার। প্রতি মেগাওয়াট উৎপাদন ব্যয়ের তুলনায় এ প্রকল্পের ব্যয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চেয়েও প্রায় তিন থেকে সাড়ে তিন গুণ বেশি বলে দাবি করেন তিনি।
এ সময় আবদুল হান্নান মাসউদ প্রশ্ন করেন, প্রকল্পগুলোর বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে নতুন করে দুর্নীতি বা লুটপাটের সুযোগ তৈরি হচ্ছে কি না এবং এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের অবস্থান কী।
জবাবে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, মেট্রোরেল প্রকল্পের ব্যয় বৃদ্ধির বিষয়টি ডলারের বিনিময় হারসহ বিভিন্ন দিক বিবেচনায় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। প্রকল্পটি এখনো পরিকল্পনা কমিশনে আসেনি; আসার পর ব্যয়ের প্রতিটি বিষয় যথাসম্ভব কঠোরভাবে যাচাই করা হবে।
তিনি বলেন, কোনো ধরনের অতি ব্যয়ের সুযোগ না রেখে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ব্যয়, সময়সীমা ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে পরীক্ষা করা হচ্ছে।
মেট্রোরেলের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ঢাকার যানজট পরিস্থিতিতে মেট্রোরেলের মতো গণপরিবহন প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। জাইকার ঋণের সুদের হার ও বর্তমান সময়ে উন্নয়ন অর্থায়নের ব্যয়ও প্রকল্পের সামগ্রিক হিসাবের ক্ষেত্রে বিবেচনায় রাখতে হবে।
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের বিদ্যুৎ উৎপাদন সাধারণভাবে ব্যয়বহুল হলেও বর্জ্যের কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশগত ক্ষতির বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। ভবিষ্যতে প্রযুক্তির উন্নতির সঙ্গে এ ধরনের প্রকল্পের ব্যয় কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো প্রকল্প থেকে বাংলাদেশ কার্বন ক্রেডিট পাওয়ার সুযোগও তৈরি করতে পারে, যা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।