ঢাকা, রোববার, ২৬ এপ্রিল ২০২৬

১৩ বৈশাখ ১৪৩৩, ০৯ জ্বিলকদ ১৪৪৭

আধুনিক রেলওয়ের পথে বাংলাদেশ—৮০% আন্তঃনগর ট্রেনে নতুন রেক সংযোজন

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১৮:৪০, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৮:৪২, ২৬ এপ্রিল ২০২৬

আধুনিক রেলওয়ের পথে বাংলাদেশ—৮০% আন্তঃনগর ট্রেনে নতুন রেক সংযোজন

যাত্রীসেবার মানোন্নয়ন ও রেল ভ্রমণকে আরও আরামদায়ক ও নিরাপদ করার লক্ষ্যে ব্যাপক আধুনিকায়ন কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় দেশের আন্তঃনগর ট্রেনগুলোর প্রায় ৮০ শতাংশ পুরোনো রেক পরিবর্তন করে নতুন ও আধুনিক কোচ সংযোজন করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিনের এক লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, পুরোনো রেকের পরিবর্তে নতুন ও আধুনিক কোচ যুক্ত হওয়ায় যাত্রীসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি রেল ভ্রমণ এখন আরও নিরাপদ, আরামদায়ক ও আধুনিক হয়েছে।মন্ত্রী আরও জানান, যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করতে দেশের গুরুত্বপূর্ণ স্টেশনগুলোর সৌন্দর্যবর্ধন ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। পর্যায়ক্রমে সব জেলা স্টেশন রিমডেলিংয়ের আওতায় আনার মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

নারী ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষ সুবিধা বৃদ্ধির কথাও উল্লেখ করেন তিনি। গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে ব্রেস্ট ফিডিং কর্নার, নারীদের জন্য আলাদা কাউন্টার ও পৃথক টয়লেট সুবিধা চালু করা হয়েছে। প্রতিবন্ধী যাত্রীদের জন্য হুইলচেয়ার ও র‍্যাম্প সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

এছাড়া যাত্রীদের ট্রেনে ওঠানামা সহজ করতে বিভিন্ন স্টেশনে প্ল্যাটফর্মের উচ্চতা বৃদ্ধির কাজ চলমান রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশন এলাকায় ফেন্সিং নির্মাণ, বিনা টিকিটের যাত্রী নিয়ন্ত্রণ এবং ট্রেনের ভেতরে মানসম্মত খাবার ও অনবোর্ড সেবা জোরদার করা হয়েছে।রেলপথ মন্ত্রী জানান, বর্তমানে দেশের ৬৪ জেলার মধ্যে ৪৯টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় রয়েছে। বাকি ১৫টি জেলাকে দ্রুত সময়ের মধ্যে রেল নেটওয়ার্কে যুক্ত করার কার্যক্রম চলমান।

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর রেল ব্যবস্থা গড়ে তুলতে ভারত থেকে ২০০টি ব্রডগেজ ক্যারেজ সংগ্রহের কাজ চলছে। এর প্রথম চালানে ২০টি কোচ ২০২৬ সালের মে মাসের শেষ সপ্তাহে দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া আরও ২৬০টি ব্রডগেজ ক্যারেজ, ৩০টি মিটারগেজ লোকোমোটিভ, ২০০টি মিটারগেজ ক্যারেজ, রিলিফ ট্রেন এবং আধুনিক লেদ মেশিন সংগ্রহের প্রকল্পও চলমান রয়েছে। এসব উদ্যোগ সম্পন্ন হলে রেলওয়ের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন