শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ০০:১০, ১২ এপ্রিল ২০২৬
ছবি: সংগৃহীত
গত ১০ এপ্রিল ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) কার্যালয়, পাকশীতে বাংলাদেশ রেলওয়ের যাত্রীসেবার মানোন্নয়ন, দুর্ঘটনা প্রতিরোধ এবং চলমান কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেনারেল ম্যানেজার (পশ্চিম), বাংলাদেশ রেলওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব ফাহিমুল ইসলাম। সভায় বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় যাত্রীসেবা উন্নয়ন, রেল অপারেশনের নিরাপত্তা বৃদ্ধি এবং মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।প্রধান অতিথি তার বক্তব্যে রেল অপারেশনের মাঠপর্যায়ের ব্যবস্থাপনায় তদারকি, সমন্বয়, আন্তঃযোগাযোগ ও জবাবদিহিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সকল পর্যায়ের দায়িত্বপ্রাপ্তদের করণীয় নির্ধারণের লক্ষ্যে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়ন করে নিয়মিত প্রশিক্ষণ ও মোটিভেশনাল কর্মশালার আয়োজনের নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া সহকারী লোকো মাস্টার, লোকো মাস্টার, গার্ড ও স্টেশন মাস্টারসহ রেল অপারেশনের গুরুত্বপূর্ণ পদগুলোতে বিদ্যমান জনবল সংকট দ্রুততম সময়ের মধ্যে নিরসনের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
রেলের লোকসান কমাতে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ গ্রহণ এবং রেলওয়ের জমিতে অবৈধ দখল উচ্ছেদে সংশ্লিষ্টদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেন সচিব।সভায় আরও বলা হয়, বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন বিভাগের মধ্যে আন্তঃসমন্বয় বৃদ্ধি করতে হবে যাতে সমন্বয়হীনতার কারণে উন্নয়ন কার্যক্রম ও যাত্রীসেবা ব্যাহত না হয়। বিভিন্ন সময়ে গৃহীত সিদ্ধান্তসমূহ যথাসময়ে বাস্তবায়নের জন্য সকল কর্মকর্তাকে অধিকতর তৎপর থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি কোনো পর্যায়ে দায়িত্বে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়।