শিরোনাম
সেলিমুর রহমান
প্রকাশ: ০০:০৮, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ০০:০৯, ২৮ এপ্রিল ২০২৬
দেশের উত্তরের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা আধুনিকায়ন ও উৎপাদন সক্ষমতা বাড়াতে সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। এর অংশ হিসেবে কারখানাটি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রেলের পরিধি বাড়ছে, রেলওয়ে কোচের সংখ্যও বাড়ছে। চলতি বছরেই ভারত থেকে রেলের ২০০ ব্রডগেজ কোচ আসার কথা রয়েছে। ফলে সৈয়দপুরি রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।’
সোমবার (২৭ এপ্রিল) বিকালে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন কারখানাটি পরিদর্শন করে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘বর্তমানে সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোচ মেরামতের যে সক্ষমতা রয়েছে, তা বাড়িয়ে তিনগুণ করতে চাই। কারখানায় যে অবকাঠামো রয়েছে, তাও বাড়ানো সম্ভব। আমরা কারখানাটি ঘুরে দেখলাম। কারখানাটি আধুনিকায়ন করা জরুরি হয়ে পড়েছে। এই আধুনিকায়নে এডিবির সহায়তা মিলবে।’এর আগে মহাপরিচালক সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে এলে কারখানাটির বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফী নুর মোহাম্মদ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। মহাপরিচালক কারখানার বিভিন্ন বিভাগ শপ (উপ-কারখানা) ঘুরে দেখেন।
এ সময় তার সঙ্গে ছিলেন এশীয় উন্নয়ন ব্যাংকের পরিচালক হোয়ে ইউন জিয়ং, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি আর এল) এফ এম মহিউদ্দিন, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদসহ রেলের ঊর্ধ্বতন কর্মকতারা।