ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

১৬ ভাদ্র ১৪৩৩

জুরাইন রেলগেটে অভিযাত্রী কমিউটারের নিচে কাটা পড়ে ব্যক্তি নিহত

প্রকাশ: ২৩:৩৩, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩:৩৩, ৩১ আগস্ট ২০২৬

জুরাইন রেলগেটে অভিযাত্রী কমিউটারের নিচে কাটা পড়ে ব্যক্তি নিহত

রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় গোপালগঞ্জগামী অভিযাত্রী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গেন্ডারিয়া রেলস্টেশন থেকে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা অভিযাত্রী কমিউটার ট্রেনটি দ্রুতগতিতে জুরাইন রেলগেটের দিকে আসছিল। এ সময় ওই ব্যক্তি রেলপথে উঠে পড়লে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জুরাইন রেলগেটের গেটম্যান সাব্বির হোসেন সায়েম জানান, দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে গেন্ডারিয়া রেলস্টেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরে গেন্ডারিয়া স্টেশন থেকে বাংলাদেশ রেলওয়ের কন্ট্রোলকে বিষয়টি অবহিত করা হয়।

তিনি জানান, খবর পেয়ে কমলাপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

স্থানীয়দের অভিযোগ, জুরাইন রেলগেট এলাকায় অনেকেই অসতর্কভাবে রেলপথ দিয়ে চলাচল করেন। রেললাইনে অবাধে হাঁটা ও অসচেতনতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণহানির ঝুঁকিও দিন দিন বাড়ছে।

সংশ্লিষ্টরা বলছেন, রেলপথে অবাধ চলাচল বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। রেললাইন কখনোই হাঁটা বা চলাচলের পথ নয়। দুর্ঘটনা এড়াতে রেলপথ পারাপার ও চলাচলের সময় সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন