ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬

১৩ ভাদ্র ১৪৩৩

টঙ্গী রুটে চট্টগ্রামগামী কনটেইনার ট্রেনের চাকা লাইনচ্যুত, এক লাইনে ট্রেন চলাচল

ইমন খান, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩:৪২, ২৮ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩:৪২, ২৮ আগস্ট ২০২৬

টঙ্গী রুটে চট্টগ্রামগামী কনটেইনার ট্রেনের চাকা লাইনচ্যুত, এক লাইনে ট্রেন চলাচল

টঙ্গী রুটে চট্টগ্রামগামী একটি কনটেইনারবাহী মালবাহী ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে তুরাগ ব্রিজ পার হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ঢাকার দিক থেকে ছেড়ে আসা ডাউন লাইনটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে টঙ্গী পর্যন্ত ডাবল লাইনের মধ্যে বর্তমানে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গগামী ট্রেনগুলোকে আপলাইন ব্যবহার করে ধীরগতিতে পার করে দেওয়া হচ্ছে। একই সঙ্গে ঢাকামুখী ট্রেন চলাচলেও সাময়িকভাবে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন ট্রেন পথে আটকা পড়েছে এবং শিডিউল বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

এর মধ্যে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস বর্তমানে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে অবস্থান করছে বলে জানা গেছে।

দুর্ঘটনাকবলিত কনটেইনারবাহী ট্রেনের লাইনচ্যুত চাকা উদ্ধারে ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি ও চাকা উদ্ধারের পর ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত টঙ্গী রুটে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল করায় বিভিন্ন গন্তব্যের ট্রেনে সাময়িক বিলম্ব হতে পারে। দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করে রেল চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা কাজ করছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন