শিরোনাম
প্রকাশ: ১৮:১৯, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:১৯, ২৪ আগস্ট ২০২৬
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সদরে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ দুই যাত্রী আহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার গোমদণ্ডী রেলওয়ে স্টেশন থেকে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর নতুন থানা কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইন ঘেঁষে একটি সিএনজিচালিত টেম্পো পার্কিং করে রাখা হয়েছিল। ট্রেনটি ওই স্থান অতিক্রম করার সময় টেম্পোটির সঙ্গে ঘর্ষণ হয়। এতে টেম্পোটির একাংশ কেটে যায়। একই সময় ট্রেনটির একটি দরজা খুলে পড়ে যায়। এ সময় ট্রেনে থাকা কয়েকজন যাত্রী আহত হন। পরে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়।
গোমদণ্ডী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আনোয়ারুল তারেক বলেন, ঘর্ষণের ফলে বিরতিহীন পর্যটক এক্সপ্রেস ট্রেনটির ছয়টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় শিশুসহ দুই যাত্রী আহত হয়েছেন।
তিনি আরও বলেন, দুর্ঘটনার জন্য দায়ী টেম্পোটি (চট্টমেট্রো-ফ ১১-০৪১৬) এবং খুলে পড়া ট্রেনের দরজাটি হেফাজতে রাখা হয়েছে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, একই স্থানে রেললাইনের পাশে পার্কিং করে রাখা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলও ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।