ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬

১০ ভাদ্র ১৪৩৩

তীব্র গরমে বেঁকে গেল রেললাইন, ট্রেন চলাচল ব্যাহত

প্রকাশ: ১০:৫০, ২৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১০:৫০, ২৫ আগস্ট ২০২৬

তীব্র গরমে বেঁকে গেল রেললাইন, ট্রেন চলাচল ব্যাহত

গত কয়েক দিনের তীব্র দাবদাহ ও অতিরিক্ত তাপমাত্রার প্রভাবে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে সেতুর আশুগঞ্জ প্রান্তে রেললাইনে পরপর দুইদিন বাকলিংয়ের ঘটনা ঘটেছে। এতে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, গত ২১ ও ২২ আগস্ট ভৈরব রেলওয়ে সেতুর আশুগঞ্জ প্রান্তে তীব্র তাপের কারণে রেললাইন একদিকে বেঁকে গিয়ে বাকলিংয়ের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২১ ও ২২ আগস্ট দুপুর ১২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেনগুলোর ডাউন লাইনে চলাচল বন্ধ রাখা হয়।

তবে যাত্রীসেবা স্বাভাবিক রাখতে রেলওয়ে কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা গ্রহণ করে। ডাউন লাইনের পরিবর্তে ভৈরব থেকে তালশহর পর্যন্ত উল্টো পথে আপ লাইন ব্যবহার করে ট্রেন পরিচালনা করা হয়। এতে বড় ধরনের ট্রেন চলাচল বিপর্যয় এড়ানো সম্ভব হয়।

রেললাইন নিরাপদ ও ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে বিভাগীয় প্রকৌশলী-২, ঢাকা আহসান হাবীবের নির্দেশনা ও তত্ত্বাবধানে এবং ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী/পথ, নরসিংদীর জুলহাস মাহমুদের প্রত্যক্ষ তদারকিতে সংশ্লিষ্ট পি-ওয়ে কর্মীরা ২১ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত দিন-রাত পরিশ্রম করেন। এ সময় বাকলিং প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

রেলওয়ে কর্তৃপক্ষের নেওয়া কার্যকর পদক্ষেপের পর গত ২৩ আগস্ট বিকেল ৬টা ২০ মিনিট থেকে ভৈরব হয়ে চট্টগ্রাম ও সিলেটগামী সব ট্রেন স্বাভাবিক সূচিতে চলাচল শুরু করে।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভৈরব রেলওয়ে সেতু পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান, প্রধান প্রকৌশলী (পূর্ব) তানভিরুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান, বিভাগীয় প্রকৌশলী-২, ঢাকা আহসান হাবীব এবং ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী/পথ, নরসিংদীর জুলহাস মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শন শেষে কর্মকর্তারা শতবর্ষী গুরুত্বপূর্ণ ভৈরব রেলওয়ে সেতুর দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান।

রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন, দেশের গুরুত্বপূর্ণ রেলপথগুলোর একটি হওয়ায় ভৈরব রেলওয়ে সেতুর নিরাপত্তা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে অতিরিক্ত তাপমাত্রায় রেললাইনে বাকলিংয়ের মতো ঘটনা এড়াতে নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন