ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

১৬ ভাদ্র ১৪৩৩

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে চট্টগ্রাম-কক্সবাজার রুটে রেলওয়ের প্রচারণা

প্রকাশ: ১৬:০২, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:০২, ৩১ আগস্ট ২০২৬

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে চট্টগ্রাম-কক্সবাজার রুটে রেলওয়ের প্রচারণা

​চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের মতো মারাত্মক ঝুঁকি রোধ করতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিশেষ জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম বিভাগ।

 

​চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজার পর্যন্ত গ্যাংকার ট্রেনে করে সোমবার (৩১ আগস্ট) এই প্রচারণা চালানো হয়। 

 

সাম্প্রতিক সময়ে এই রুটে ট্রেন চালুর পর কিছু এলাকায় পাথর নিক্ষেপের বিচ্ছিন্ন ঘটনা লক্ষ্য করা যায়। এতে যাত্রীদের নিরাপত্তা বিপন্ন হওয়ার পাশাপাশি রেলের সম্পত্তিও ক্ষতির মুখে পড়ে। এই অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং সাধারণ মানুষকে সচেতন করতেই রেলওয়ের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। 

 

​প্রচারণার সময় রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে থেমে থেমে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং লিফলেট বিতরণ করেন। একইসঙ্গে রেললাইনের পাশের বিভিন্ন জনবসতিপূর্ণ এলাকায় স্থানীয় বাসিন্দাদের নিয়ে সচেতনতামূলক আলোচনা করে।

 

​চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ অত্যন্ত বিপজ্জনক একটি অপরাধ, যা যেকোনো মানুষের জীবন কেড়ে নিতে পারে। আইনের দৃষ্টিতে এটি দণ্ডনীয় অপরাধ এবং এর জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। পাথর ছোঁড়া রোধে স্থানীয় লোকজনকে আরও সচেতন হওয়ার পাশাপাশি এ ধরনের অপরাধের খবর পেলে দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়। সেই সঙ্গে পাথর নিক্ষেপ কারীদের ধরিয়ে দিলে রেলওয়ের পক্ষ থেকে পুরস্কার দেয়ার ঘোষণা দেয়া হয় এ সময়। 

 

রেলওয়ে চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে জনসচেতনতামূলক এই প্রচারণায় উপস্থিত ছিলেন- মোহাম্মদ সালামত উল্লাহ সহকারী কমান্ড্যান্ট আরএনবি চট্টগ্রাম, এটিএম আতাউল গনি সহকারী বানিজ্যিক কর্মকর্তা চট্টগ্রাম, মো. ওমর ফারুক এইএন চট্টগ্রাম, কামরুল ইসলাম আই ডাব্লিউ ষোলশহর, আরিফুল ইসলাম স্টেশন মাস্টার ষোলশহর, পিডাব্লিউ কক্সবাজারসহ আরো অনেকে।

 

​রেলওয়ে চট্টগ্রাম বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে এ ধরনের প্রচারণার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন