ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

৮ শ্রাবণ ১৪৩৩

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ক্ষোভ প্রকাশ শায়খ আহমাদুল্লাহর, নিরাপদ রেলপথ নিশ্চিতের আহ্বান

মোঃ মোতাহার হোসেন সরকার (স্টাফ রিপোর্টার)

প্রকাশ: ২০:৪৭, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ২২:৪৪, ২৩ জুলাই ২০২৬

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ক্ষোভ প্রকাশ শায়খ আহমাদুল্লাহর, নিরাপদ রেলপথ নিশ্চিতের আহ্বান

সাম্প্রতিক সময়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেন (২২) গুরুতর আহত হওয়ার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহ।

জানা গেছে, পঞ্চগড় থেকে ঢাকাগামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনটি সিরাজগঞ্জ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করে। ছোড়া একটি পাথর সাব্বিরের ডান চোখে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে জামতৈল রেলস্টেশনে নামিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হলে অস্ত্রোপচারের জন্য তাকে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে (ইএনটি) স্থানান্তর করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, “এই দেশে পাথর ছুড়ে অন্ধ করে দেওয়াও কিছু মানুষের কাছে বিনোদন! কী ভয়ানক অসুস্থ সমাজে বসবাস করছি আমরা।”

তিনি বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ এবং এর ফলে যাত্রীদের অন্ধ হওয়ার মতো নির্মম ঘটনার খবর প্রায়ই সামনে আসে। তার ভাষ্য, এ ধরনের অমানবিক অপরাধের সঙ্গে জড়িতদের অধিকাংশই ঝরে পড়া কিশোর।

এ ধরনের নৃশংসতা বন্ধে সরকারকে রেলপথে নিরাপত্তা জোরদার, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে নজরদারি বৃদ্ধি, দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং ঝরে পড়া শিশু-কিশোরদের শিক্ষা ও পুনর্বাসনের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

পাশাপাশি রেললাইনের পাশের মসজিদের ইমাম, আলেম, সচেতন নাগরিক সমাজ এবং উদ্যমী তরুণদের এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানান শায়খ আহমাদুল্লাহ। প্রয়োজনে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে স্বেচ্ছাসেবী পাহারার ব্যবস্থার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, “রেল তুলনামূলক নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত মাধ্যম। লক্ষ লক্ষ যাত্রীর নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে রেলপথকে নিরাপদ ও নির্বিঘ্ন করা এখন সময়ের অন্যতম দাবি।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন