ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

৮ শ্রাবণ ১৪৩৩

ঢাকা রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযানে টিকিট কালোবাজারি গ্রেফতার

প্রকাশ: ১৬:৫৮, ২৩ জুলাই ২০২৬

ঢাকা রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযানে টিকিট কালোবাজারি গ্রেফতার

ঢাকা রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি রোধে পরিচালিত বিশেষ অভিযানে একজন টিকিট কালোবাজারিকে হাতেনাতে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। এ সময় তার কাছ থেকে কালনী এক্সপ্রেস ট্রেনের ৪টি আসনের টিকিট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রবিন (২৫) নামের এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে টিকিট বিক্রির সময় আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কালনী এক্সপ্রেস ট্রেনের ৪টি আসনের টিকিট উদ্ধার করা হলে তাকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়।

রেলওয়ে পুলিশ জানায়, ঈদ, উৎসব কিংবা সাধারণ সময়েও অসাধু চক্র বিভিন্ন কৌশলে ট্রেনের টিকিট সংগ্রহ করে অতিরিক্ত দামে বিক্রি করে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে ফেলে। এই ধরনের টিকিট কালোবাজারি বন্ধে রেলওয়ে পুলিশ নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবারের এ অভিযান পরিচালিত হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া টিকিটের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রেলওয়ে পুলিশ আরও জানায়, যাত্রীদের নির্বিঘ্নে টিকিট সংগ্রহ নিশ্চিত করা এবং টিকিট কালোবাজারি সম্পূর্ণ নির্মূল করতে ঢাকা রেলওয়ে স্টেশনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেলস্টেশনে বিশেষ নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যক্তি টিকিট কালোবাজারি বা এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেলওয়ে পুলিশ সাধারণ যাত্রীদের নির্ধারিত মূল্যেই টিকিট সংগ্রহ করার আহ্বান জানিয়ে বলেছে, অতিরিক্ত দামে টিকিট কেনা বা কালোবাজারিদের সহযোগিতা না করে এ ধরনের কোনো তথ্য জানা থাকলে তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশকে জানাতে হবে। যাত্রীদের সহযোগিতায় টিকিট কালোবাজারি নিয়ন্ত্রণে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন