শিরোনাম
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ১৬:৫২, ২৩ জুলাই ২০২৬
বাংলাদেশ রেলওয়ের নিয়োগ বিধি-২০২০ সংশোধনে দীর্ঘসূত্রতার কারণে বৈদ্যুতিক বিভাগের একাধিক গুরুত্বপূর্ণ পদের কর্মচারীরা বছরের পর বছর পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং সরকারি কাজও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, নিয়োগ বিধি-২০২০ প্রণয়নের সময় বৈদ্যুতিক বিভাগের কয়েকটি গুরুত্বপূর্ণ পদ কার্যত অকার্যকর (ব্লক) রেখে বিধিটি কার্যকর করা হয়। পরবর্তীতে পদোন্নতি-সংক্রান্ত জটিলতা নিরসনের লক্ষ্যে সংশোধনের জন্য দাপ্তরিকভাবে একাধিকবার চিঠিপত্র আদান-প্রদান হলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কার্যকর সিদ্ধান্ত বা সংশোধনী প্রকাশ করা হয়নি।
এর ফলে *লাইন ইলেকট্রিসিয়ান (LE) গ্রেড-১* এবং লাইনম্যান কাম ওয়্যারম্যান (LCW/MAN) গ্রেড-১ পদে কর্মরতরা দীর্ঘ ৮ থেকে ৯ বছর ধরে ইলেকট্রিক মিস্ত্রি গ্রেড-২ পদে পদোন্নতি থেকে বঞ্চিত রয়েছেন বলে সংশ্লিষ্টরা জানান।
এছাড়া নিয়োগ বিধি-২০২০-এর জটিলতার কারণে **ফিডার এটেনডেন্ট পাম্প (FAP) গ্রেড-২ পদে কর্মরত অনেক কর্মচারী দীর্ঘ ১২ বছর ধরে একই পদে আটকে আছেন। ফলে তারা ফিডার এটেনডেন্ট সুইচ বোর্ড অপারেটর (FASBA) গ্রেড-১ পদে পদোন্নতির সুযোগ পাচ্ছেন না।
ভুক্তভোগী কর্মচারীদের দাবি, দীর্ঘদিন পদোন্নতি না হওয়ায় কর্মীদের মধ্যে হতাশা ও অনাগ্রহ বাড়ছে। এতে একদিকে যেমন কর্মপরিবেশে নেতিবাচক প্রভাব পড়ছে, অন্যদিকে সরকারি দাপ্তরিক কাজের গতি ও সেবার মানও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সংশ্লিষ্ট কর্মচারীরা দ্রুত রেলওয়ে নিয়োগ বিধি-২০২০-এর প্রয়োজনীয় সংশোধন করে দীর্ঘদিনের পদোন্নতি জটিলতা নিরসনে কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।