ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

৮ শ্রাবণ ১৪৩৩

জামালপুরে তিস্তা এক্সপ্রেসে ফেলে যাওয়া ব্যাগ উদ্ধার, প্রকৃত মালিকের কাছে ফেরত দিল রেলওয়ে পুলিশ

প্রকাশ: ১৭:০৯, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ১৭:০৯, ২৩ জুলাই ২০২৬

জামালপুরে তিস্তা এক্সপ্রেসে ফেলে যাওয়া ব্যাগ উদ্ধার, প্রকৃত মালিকের কাছে ফেরত দিল রেলওয়ে পুলিশ

জামালপুর রেলওয়ে স্টেশনে তিস্তা এক্সপ্রেস ট্রেনে ফেলে যাওয়া একটি ব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে জামালপুর রেলওয়ে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে জাতীয় জরুরি সেবা *৯৯৯*-এ আসা একটি কলের ভিত্তিতে ট্রেনের একটি বগি থেকে কালো রঙের একটি ব্যাগ উদ্ধার করেন দায়িত্বে থাকা টিজি (ট্রেন গার্ড) পুলিশ সদস্যরা।

পরে ৯৯৯ কলের মাধ্যমে ব্যাগটির মালিকের পরিচয় নিশ্চিত করা হয়। ব্যাগটির মালিক মো. জাকারিয়া (২৯), পিতা মো. মোকলেছ উদ্দিন, গ্রামের বাড়ি খাঘড়া, থানা গফরগাঁও, জেলা ময়মনসিংহ।

জাকারিয়া জামালপুর রেলওয়ে থানায় উপস্থিত হয়ে ব্যাগটি শনাক্ত করেন। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ভুলবশত গফরগাঁও স্টেশনে নেমে যাওয়ার সময় ব্যাগটি ট্রেনেই রেখে যান। ব্যাগের মধ্যে ৩ হাজার ৪১৮ টাকা নগদ অর্থ এবং কিছু পরিধেয় কাপড় ছিল বলে তিনি জানান।

পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বিষয়টি সাধারণ ডায়েরি (জিডি)তে লিপিবদ্ধ করে উদ্ধারকৃত ব্যাগটি প্রকৃত মালিকের জিম্মায় প্রদান করা হয়।

জামালপুর রেলওয়ে থানা পুলিশ জানায়, যাত্রীদের হারানো মালামাল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে তারা সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। কোনো যাত্রী ট্রেনে বা স্টেশনে মালামাল হারালে দ্রুত রেলওয়ে পুলিশ বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন