শিরোনাম
মোঃ মোতাহার হোসেন সরকার, স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫:১৬, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৫:১৬, ১৬ অক্টোবর ২০২৬
ভারত থেকে বাংলাদেশ রেলওয়ের জন্য পাঠানো ১৮টি নতুন এলএইচবি (LHB) ব্রডগেজ যাত্রীবাহী কোচ দর্শনা রেলওয়ে স্টেশন হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে ভারতের রানাঘাট জংশন থেকে গেদে সীমান্ত অতিক্রম করে কোচগুলো বাংলাদেশের দর্শনা রেলওয়ে স্টেশনে প্রবেশ করে।
এর আগে গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরি থেকে প্রথম চালানে ১৮টি নতুন কোচ বাংলাদেশ রেলওয়ের জন্য পাঠানো হয়। গত ১৩ অক্টোবর ভারতীয় প্রতিষ্ঠান RITES Ltd এ তথ্য জানায়।
বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহের চুক্তির অংশ হিসেবে এই চালান পাঠানো হয়েছে। ২০২৪ সালে RITES-এর মাধ্যমে এ চুক্তি সম্পন্ন হয়।
প্রথম চালানের ১৮টি কোচের মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার কার, তিনটি এসি চেয়ার কার, দুটি এসি স্লিপার কার এবং দুটি এসি পাওয়ার কার। পাওয়ার কার দুটিতে গার্ডের কক্ষ ও মালপত্র রাখার ব্যবস্থা রয়েছে।
যাত্রীদের সুবিধা বাড়াতে নতুন কোচগুলোতে একাধিক অবস্থানে হেলানো যায় এমন আসন, স্টেইনলেস স্টিলের হাতল, পায়ের ভর রাখার ব্যবস্থা, শিশুর যত্নের কক্ষ, নামাজের কক্ষ, সিসিটিভি নজরদারি ও যাত্রী অ্যালার্ম ব্যবস্থা রাখা হয়েছে। এসি কোচে রয়েছে ফ্যান ও আংশিক খোলা যায় এমন জানালা।
বাংলাদেশ রেলওয়ের পরিচালনাগত চাহিদা অনুযায়ী কোচগুলোর বৈদ্যুতিক ব্যবস্থা ৪১৫ ভোল্টে পরিচালনার উপযোগী করা হয়েছে। অতিরিক্ত যাত্রীর চাপ বিবেচনায় ছাদ শক্তিশালী করার পাশাপাশি সংঘর্ষের সময় যাত্রীদের সুরক্ষা বাড়াতে ইউরোপীয় মান EN 15227 অনুসরণ করে কোচের বডির নকশায় পরিবর্তন আনা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ে ও ভারতের কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরির মধ্যে কোচ সরবরাহের সহযোগিতা শুরু হয় ২০১৫–১৬ অর্থবছরে। ওই সময় বাংলাদেশকে ১২০টি এলএইচবি ব্রডগেজ কোচ সরবরাহ করেছিল কারখানাটি।
তবে বাংলাদেশে প্রবেশ করা নতুন ১৮টি কোচ কবে থেকে যাত্রী পরিবহনে যুক্ত হবে এবং কোন রুটে চলাচল করবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।