শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২০:৩৫, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৩৫, ১৫ অক্টোবর ২০২৬
কুষ্টিয়ার ভেড়ামারায় রেললাইনের পাশ থেকে গার্মেন্টস কর্মী জয়নাল আবেদীনের (২৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পোড়াদহ রেলওয়ে পুলিশ। ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ই অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে রেলওয়ে পুলিশ জয়নালের মরদেহ উদ্ধার করে পোড়াদহ থানায় নেয়।
জয়নাল আবেদীন পঞ্চগড় জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের নয়া মিয়ার ছেলে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ ৬৮ পাড়া হার্ডিঞ্জ ব্রিজের পশ্চিম পাশে রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশকে জানালে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পোড়াদহ থেকে রেলওয়ে পুলিশ এসে বেলা সাড়ে ১২টায় জয়নাল আবেদীনদের মরদেহ উদ্ধার করে পোড়াদহ রেলওয়ে থানায় নিয়ে যায়।
ভেড়ামারা রেলওয়ে স্টেশন মাস্টার জয়নাল আবেদীন বলেন, নিহত জয়নাল আবেদীন ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে চিত্রা ট্রেনে যাচ্ছিলেন। ভেড়ামারায় চিত্রা ট্রেনের বিরতি হয়েছিল রাত পৌনে ২টার সময়।
নিহতের ভাই জাহিদ হাসান মোবাইল ফোনে জানান, তার ভাই গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে সুপারভাইজার পদে চাকরি করতেন। বুধবার অফিস থেকে সন্ধ্যা সাতটায় বের হন। শুনেছি ঢাকা থেকে খুলনায় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে ট্রেনে যাচ্ছিলেন। সেখান থেকে আজই (বৃহস্পতিবার) বাড়িতে আসার কথা ছিল। তিনি বাড়িতে আসার বিষয়টি রাতেই বাবাকে জানিয়েছিলেন।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, ঘটনা শোনার পরেই আমরা সেখানে গিয়ে রেলওয়ে পুলিশকে জানাই। তারা মরদেহ উদ্ধার করেছে।
পোড়াদহ রেলওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ হোসাইন জানান, আমরা নিহতের মরদেহ সুরতহাল করে রেলওয়ে থানায় নিয়ে এসেছি। তিনি শ্বশুরবাড়িতে রাতে চিত্রা ট্রেনে করে আসছিলেন বলে জানতে পেরেছি। ভেড়ামারাতে ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ নেওয়ার জন্য তার পরিবার রওনা দিয়েছে।