ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সড়ক, রেল ও নৌপথের নিরাপত্তায় ১৫ দফা প্রস্তাব নিসচার

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ২২:০৮, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৯, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সড়ক, রেল ও নৌপথের নিরাপত্তায় ১৫ দফা প্রস্তাব নিসচার

সড়ক দুর্ঘটনা কমানো, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সড়ক, রেল ও নৌপথের নিরাপত্তা জোরদারে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ জানিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)। সংগঠনটির পক্ষ থেকে এ বিষয়ে ১৫ দফা প্রস্তাব তুলে ধরা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নিসচার প্রতিনিধি দল এসব প্রস্তাব তুলে ধরেন। পরে প্রতিমন্ত্রী নিসচার সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন।

নিসচার প্রস্তাবের মধ্যে রয়েছে জাতীয় পর্যায়ে শক্তিশালী সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষ গঠন, দুর্ঘটনার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য জাতীয় দুর্ঘটনা ডাটাসেল গঠন, রিয়েল টাইমে দুর্ঘটনার তথ্য পর্যবেক্ষণ এবং দুর্ঘটনাপ্রবণ স্থান দ্রুত সংস্কার। পাশাপাশি প্রযুক্তিনির্ভর ট্রাফিক নিয়ন্ত্রণ, সিসিটিভি ও স্পিড ক্যামেরা ব্যবহার এবং অটোমেটেড ফাইন ব্যবস্থা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।

চালকদের প্রশিক্ষণ, নির্ধারিত কর্মঘণ্টা ও বিশ্রাম নিশ্চিত করা, চালকদের নিয়মিত ডোপটেস্ট, লাইসেন্স ও যানবাহনের ফিটনেস ব্যবস্থায় কঠোরতা এবং ওভারস্পিডিং ও ওভারলোডিং নিয়ন্ত্রণের বিষয়েও সুপারিশ করেছে সংগঠনটি। শিক্ষার্থী ও শিক্ষকদের প্রশিক্ষণ এবং পাঠ্যপুস্তকে সড়ক নিরাপত্তা বিষয় অন্তর্ভুক্ত করার প্রস্তাবও দেওয়া হয়।

এছাড়া রেলপথের নিরাপত্তায় লেভেল ক্রসিংয়ে স্বয়ংক্রিয় গেট ও গেটম্যান, আধুনিক সিগন্যালিং ও ট্র্যাক মনিটরিং এবং অবৈধভাবে রেললাইন পারাপার বন্ধের প্রস্তাব দেওয়া হয়েছে।

পাশাপাশি নৌপথের ক্ষেত্রে ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধ, অতিরিক্ত যাত্রী পরিবহন নিয়ন্ত্রণ, যাত্রীদের জন্য লাইফ জ্যাকেট ও জরুরি সরঞ্জাম নিশ্চিত এবং ঘাট ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়।

দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার ও চিকিৎসা নিশ্চিত করতে মহাসড়কে ইমার্জেন্সি রেসপন্স ইউনিট, পর্যাপ্ত অ্যাম্বুলেন্স ও ট্রমা সেন্টার স্থাপনের প্রস্তাবও তুলে ধরে নিসচা। একই সঙ্গে সড়ক নিরাপত্তাকে জাতীয় অগ্রাধিকার দিয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

বৈঠকে নিসচার পক্ষ থেকে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলে সংগঠনটির প্রতিনিধিত্ব নিশ্চিত এবং বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পসহ সরকারের বিভিন্ন সড়ক নিরাপত্তামূলক কার্যক্রমে নিসচাকে সম্পৃক্ত করার প্রস্তাব দেওয়া হয়।

এ ছাড়া বিআরটিএ ও হাইওয়ে পুলিশকে আরও জনবলসমৃদ্ধ করা, সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ও বাস্তবায়ন, পরিবহন শ্রমিকদের বীমা এবং তাদের সন্তানদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা নেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।

নিসচার পক্ষ থেকে জানানো হয়, ৩৩ বছর ধরে সংগঠনটি সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করছে। বর্তমানে দেশ-বিদেশে প্রায় ১২০টি শাখার মাধ্যমে চালক প্রশিক্ষণ, শিক্ষার্থী ও শিক্ষক সচেতনতা, টার্মিনাল ও সড়ক ক্যাম্পেইন, সেমিনার, কর্মশালা, মানববন্ধন ও র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে।

নিসচার এসব প্রস্তাবের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সড়ক দুর্ঘটনা প্রতিরোধের উদ্যোগকে তিনি ছোটবেলা থেকেই পছন্দ করেন। নিসচার কর্মকাণ্ডের সঙ্গে সরকারের বিভিন্ন উদ্যোগেরও মিল রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, ঢাকার বাইরে টার্মিনাল স্থানান্তর এবং রাজধানীকে যানজটমুক্ত করার বিভিন্ন উদ্যোগ রয়েছে।

নিসচার প্রস্তাবগুলো নিজে যাচাই করে দেখার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দ্রুত সময়ের মধ্যে সংগঠনটির প্রতিনিধিদের সঙ্গে আবারও বসবেন তিনি। সড়ক নিরাপত্তায় নিসচাকে সঙ্গে নিয়ে কাজ করার জন্য তার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে।

এ সময় নিসচার মহাসচিব লিটন এরশাদের নেতৃত্বে প্রতিনিধি দলে সংগঠনের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন বাবুলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন