ঢাকা, শনিবার, ০৪ জুলাই ২০২৬

১৯ আষাঢ় ১৪৩৩

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে নেত্রকোণায় দুই প্রতিমন্ত্রী, শাটল ট্রেন চালুর আশ্বাস

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ০০:০১, ৪ জুলাই ২০২৬ | আপডেট: ০০:০১, ৪ জুলাই ২০২৬

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে নেত্রকোণায় দুই প্রতিমন্ত্রী, শাটল ট্রেন চালুর আশ্বাস

সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে হাওরের উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব নেত্রকোণা সফর করেন।

শুক্রবার (৩ জুলাই) নেত্রকোণায় দুই প্রতিমন্ত্রী সফর উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দুই প্রতিমন্ত্রী।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘জাল যার, জ্বলা তার’ এই ধারণা থেকে হাওর ও উন্মুক্ত জলাশয় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখার নীতি বাস্তবায়ন করছে সরকার।

তিনি জানান, ইতোমধ্যে দেশের বিভিন্ন হাওর ও নদ-নদী উন্মুক্ত করে দেয়া হয়েছে। পাশাপাশি এসব জলাশয়ে নিয়মিত মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে, যেন সাধারণ জেলেরা সহজেই মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করতে পারেন এবং দেশীয় মৎস্যসম্পদ আরও সমৃদ্ধ হয়।

সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, সরকারের সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগিয়ে দেশের যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন অব্যাহত রয়েছে। রেলওয়ের বিদ্যমান বিভিন্ন সীমাবদ্ধতা ও অপ্রতুলতা দূর করতে কার্যকর উদ্যোগ নেয়া হচ্ছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নেত্রকোণা-ময়মনসিংহ রুটের লোকাল শাটল ট্রেন পুনরায় চালুর পরিকল্পনা সরকারের রয়েছে। একই সঙ্গে যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে বিভিন্ন আন্তঃনগর ট্রেনে আসন সংখ্যা ও বগির সংখ্যা বৃদ্ধির বিষয়েও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এদিকে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর হাওর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তালিকা প্রণয়নের সময়সীমা খুবই সীমিত থাকায় তাড়াহুড়ো করে কাজ করতে হয়েছে। ফলে অল্পসংখ্যক প্রকৃত কৃষক তালিকার বাইরে থেকে গেছেন। তবে নতুন করে তালিকা সম্প্রসারণের সুযোগ নেই।

তিনি জানান, যাচাই-বাছাইয়ে দেখা গেছে একই পরিবারের একাধিক সদস্যের নাম তালিকাভুক্ত হয়েছে, যদিও তারা প্রকৃত কৃষক নন। এমন অনিয়ম ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং অযোগ্য ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেয়ার কার্যক্রম চলমান রয়েছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এবং জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভাশেষে প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আসনের সফর শেষে আজকেই ঢাকার উদ্দেশ্য রওনা করবেন।

হাওরে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যসম্পদ সংরক্ষণ, কৃষকদের সহায়তা এবং রেল যোগাযোগ উন্নয়ন নিয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরায় নেত্রকোণার এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন