ঢাকা, শনিবার, ০৪ জুলাই ২০২৬

১৯ আষাঢ় ১৪৩৩

ছাদের যাত্রা বন্ধে বদলাতে হবে কোচের ডিজাইন: মাহবুব কবির মিলন

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১১:৩৫, ৩ জুলাই ২০২৬ | আপডেট: ১১:৩৫, ৩ জুলাই ২০২৬

ছাদের যাত্রা বন্ধে বদলাতে হবে কোচের ডিজাইন: মাহবুব কবির মিলন

বাংলাদেশ রেলওয়ের ব্যবস্থাপনা, অবকাঠামো নির্মাণ, যাত্রী নিরাপত্তা এবং প্রশাসনিক জবাবদিহিতা নিয়ে একাধিক সমালোচনামূলক মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন।

শুক্রবার (৩ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, ট্রেনের ছাদে যাত্রী ওঠা বন্ধে কোচের ছাদ কার্ভ বা উত্তল (Curved Roof) ডিজাইনের করার প্রস্তাব তিনি বহুবার দিয়েছেন। তবে এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

পোস্টে তিনি রেল মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রযুক্তিগত জ্ঞানের অভাব, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। তাঁর ভাষ্য, রেলওয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নির্ধারিত স্পেসিফিকেশন ও নির্মাণমান যথাযথভাবে তদারকি করা হয় না। এমনকি হাজার হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে কার্যকর অডিটের নজিরও নেই বলে দাবি করেন তিনি।

মাহবুব কবির মিলন আরও বলেন, নতুন কেনা কোরিয়ান এমজি কোচ ছাড়া অধিকাংশ মিটারগেজ কোচের ছাদের পানির ট্যাংকের ঢাকনা সহজেই খোলা যায়। এ কারণে তিনি নিজে ট্রেনের কলের পানি ব্যবহার করেন না বলেও উল্লেখ করেন।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনাও তুলে ধরে তিনি সব কোচের জানালায় স্টিলের সুরক্ষা নেট বসানোর পরামর্শ দেন, যাতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

পোস্টের শেষদিকে তিনি বর্তমান রেলপথ মন্ত্রণালয়ের দুই মন্ত্রীকে সৎ ও কর্মঠ বলে উল্লেখ করলেও, রেলের কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অপসারণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট বিষয়ে গোয়েন্দা সংস্থার তদন্তেরও প্রস্তাব দেন।

উল্লেখ্য, এসব বক্তব্য ও অভিযোগ মাহবুব কবির মিলনের ব্যক্তিগত ফেসবুক পোস্টে করা মন্তব্য। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন