শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৫:৪৮, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৪৮, ২৫ সেপ্টেম্বর ২০২৬
জার্মানির বার্লিনে আয়োজিত InnoTrans 2026-এর সাইডলাইনে ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের অর্থায়ন ও বাস্তবায়ন নিয়ে ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের (EIB) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
বৈঠকে European Commission-এর Director, Asia and Pacific, Directorate-General for International Partnership Mr. Peteris Ustubs এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
বৈঠকে বাংলাদেশের রেলওয়ের ইলেকট্রিক ট্র্যাকশন (ইলেকট্রিক ট্রেন) প্রকল্প এবং লাকসাম–চট্টগ্রাম ডুয়েলগেজ ডাবল লাইন প্রকল্পের অর্থায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে টঙ্গী–আখাউড়া ডুয়েলগেজ ডাবল লাইন রেল প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর সঙ্গে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের (EIB) যৌথ অর্থায়নের বিষয়েও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পগুলো বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংক ও ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের যৌথ অর্থায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের রেলওয়ের আধুনিকায়ন ও বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগে ইউরোপীয় অংশীদারদের সহযোগিতার সম্ভাবনা আরও জোরালো হচ্ছে।
এছাড়া, ২০২৭ সালের জুন মাসে ইউরোপীয় কমিশনের আমন্ত্রণে ব্রাসেলসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর নিয়েও বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের (EIB) South Asia-এর Loan Official Ms Aurundhati Pal, জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মাদ জুলকারনাইন এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকটি বাংলাদেশের রেল অবকাঠামো উন্নয়ন, বৈদ্যুতিক ট্রেন চালুর প্রস্তুতি এবং গুরুত্বপূর্ণ রেল প্রকল্পে আন্তর্জাতিক অর্থায়ন নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হিসেবে বিবেচিত হচ্ছে।