শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৬:০৮, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:১২, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভৈরব রেলওয়ে জংশনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে রেলওয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে গালিগালাজ, পেশাগত দায়িত্ব পালনে বাধা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন সাংবাদিক ফরহাদ হোসেন। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। জিডি নম্বর-৭২৬।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) ভৈরব রেলওয়ে থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন ফরহাদ হোসেন। অভিযোগে ভৈরব রেলওয়ে জংশনের উপ-সহকারী প্রকৌশলী (কার্য) শেখ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে।
জিডিতে ফরহাদ হোসেন উল্লেখ করেন, রেলওয়ের বিদ্যুৎ বিভাগের অবৈধ বিদ্যুৎ সংযোগবিরোধী অভিযান পরিচালনার তথ্যের ভিত্তিতে সংবাদ সংগ্রহের জন্য তিনি কিশোরগঞ্জ থেকে ভৈরব রেলওয়ে ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (কার্য) কার্যালয়ের সামনে যান।
এর আগে গত ২০ সেপ্টেম্বর ভৈরব রেলওয়ে মালগুদাম সংলগ্ন শতবর্ষী বটগাছ কাটার ঘটনা নিয়ে রেলনিউজসহ বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের জের ধরে তাকে দেখার সঙ্গে সঙ্গে শেখ মোয়াজ্জেম হোসেন অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনে বাধা দেন বলে অভিযোগ করেন সাংবাদিক ফরহাদ হোসেন। একপর্যায়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও জিডিতে উল্লেখ করেন তিনি।
ঘটনার সময় চ্যানেল টোয়েন্টি ওয়ানের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি জোনায়েদ হোসেন জুয়েল উপস্থিত ছিলেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। ফরহাদ হোসেনের অভিযোগ, বিষয়টি জানতে চাইলে জোনায়েদ হোসেন জুয়েলকেও দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।
ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন করেছেন সাংবাদিক ফরহাদ হোসেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত শেখ মোয়াজ্জেম হোসেনের মোবাইল ফোনে কল করা হলেও তাকে পাওয়া যায়নি।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
#সাংবাদিক_নির্যাতন_বন্ধ_করুন
#পেশাগত_দায়িত্বে_বাধা_কেন
#সাংবাদিকদের_নিরাপত্তা_চাই
#ভৈরব_রেলওয়ে_জংশন
#দুর্নীতির_বিরুদ্ধে_সংবাদ
#হামলা_ও_হুমকির_প্রতিবাদ
#স্বাধীন_সাংবাদিকতা_চাই
#আইনের_প্রয়োগ_চাই