শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৯:০৮, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:০৯, ২১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের দীর্ঘদিনের নানা সমস্যা নিরসনে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। বৈঠকে শিক্ষার্থীদের শাটলযাত্রার ভোগান্তি কমাতে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বৈঠক সূত্রে জানা গেছে, ষোলশহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত পুরো রেলপথ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। রেললাইন সংস্কার হলে শাটল ট্রেনের চলাচলের গতি বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি চবি রেলস্টেশনের সংলগ্ন একটি ব্রিজ পুনর্নির্মাণ এবং ডাবল লাইন স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
ডাবল লাইন ও লুপ লাইনের দৈর্ঘ্য বাড়ানো হলে ভবিষ্যতে শাটল ট্রেনে আরও কোচ যুক্ত করার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে চবি রেলস্টেশনের আধুনিকায়নের কাজও হাতে নেওয়া হবে। রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এক মাসের মধ্যেই এসব কাজ শুরুর পরিকল্পনা রয়েছে।
এদিকে, রেললাইনের দুই পাশের ঝোপঝাড় ও গাছপালা আগামী ১৫ দিনের মধ্যে পরিষ্কার করার আশ্বাস দেওয়া হয়েছে। শাটল ট্রেনে ইতোমধ্যে একটি নতুন রেক যুক্ত করা হয়েছে। অন্য রেকটিও সংস্কার করে এর লাইট ও ফ্যান সচল করার বিষয়ে সম্মতি দিয়েছে রেলওয়ে।
নতুন ইঞ্জিন সরবরাহের বিষয়ে চাকসুর এজিএস জানতে চাইলে রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, এই মুহূর্তে নতুন ইঞ্জিন দেওয়া সম্ভব না হলেও বর্তমানে ব্যবহৃত ইঞ্জিনের তুলনায় ভালো মানের ইঞ্জিন দেওয়ার চেষ্টা করা হবে।
এর আগে শাটল ট্রেনের বিভিন্ন সমস্যা ও শিক্ষার্থীদের দুর্ভোগ নিয়ে রেলপ্রতিমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছিলেন চাকসুর এজিএস। এরপর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে রেলওয়ে পূর্বাঞ্চলের জিএমের সঙ্গে বৈঠক করেন তিনি। সেই বৈঠকেই সংস্কার ও উন্নয়নমূলক এসব উদ্যোগের বিষয়ে আশ্বাস পাওয়া যায়।
আইয়ুবুর রহমান তৌফিক বলেন, “শিক্ষার্থীদের জন্য শাটল ট্রেনের যাত্রা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে আমরা কাজ করে যাচ্ছি। রেলওয়ের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে। ছাত্রপ্রতিনিধি হিসেবে সমস্যাগুলো সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”