ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

১১ ভাদ্র ১৪৩৩

আইসিডি কমলাপুরে কনটেইনার পরিবহন সংকট: চার রেল ইঞ্জিন চায় কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন

আতাউর রহমান সানি

প্রকাশ: ২৩:৫১, ২৬ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩:৫২, ২৬ আগস্ট ২০২৬

আইসিডি কমলাপুরে কনটেইনার পরিবহন সংকট: চার রেল ইঞ্জিন চায় কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন

আইসিডি কমলাপুরের কার্যক্রমে দীর্ঘদিনের অচলাবস্থা, চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পরিবহনে অনিয়ম এবং আমদানিকারকদের ওপর ডিটেনশন ও ডেমারেজ চার্জ আরোপ বন্ধে জরুরি পদক্ষেপ চেয়েছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন।

২৫ আগস্ট ২০২৬ তারিখে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে সংগঠনটি এসব দাবি জানায়। চিঠিতে বলা হয়, পর্যাপ্ত রেল ইঞ্জিনের অভাব, অনিয়মিত ট্রেন পরিচালনা এবং কার্যকর সমন্বয়ের ঘাটতির কারণে চট্টগ্রাম বন্দর থেকে আইসিডি কমলাপুরমুখী কনটেইনার পরিবহন ক্রমেই কমে যাচ্ছে। ফলে আইসিডি কমলাপুর কার্যত অচলাবস্থার দিকে যাচ্ছে।

ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদের স্বাক্ষরিত চিঠিতে এসব বিষয় উল্লেখ করা হয়।

অ্যাসোসিয়েশনের দাবি, রেলওয়ে ও বন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণে আমদানিকারকরা আইসিডি ব্যবহার করতে নিরুৎসাহিত হচ্ছেন। এতে কনটেইনার দীর্ঘদিন চট্টগ্রাম বন্দরে পড়ে থাকছে এবং আমদানিকারকদের লাখ লাখ টাকা ডিটেনশন ও ডেমারেজ চার্জ গুনতে হচ্ছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, আমদানিকারকদের এলসি ও বিল অব লেডিংয়ে আইসিডি কমলাপুর থেকে পণ্য খালাসের কথা স্পষ্টভাবে উল্লেখ থাকলেও রেল ও বন্দরের ব্যবস্থাপনাগত সমস্যার কারণে নির্ধারিত সময়ে কনটেইনার পরিবহন সম্ভব হচ্ছে না। সংগঠনটির মতে, আমদানিকারকদের নিয়ন্ত্রণের বাইরে থাকা এ ধরনের বিলম্বের জন্য তাদের ওপর অতিরিক্ত চার্জ আরোপ ন্যায্য নয়।

অ্যাসোসিয়েশন জানায়, আইসিডি কার্যক্রম ব্যাহত হওয়ায় উৎপাদন কার্যক্রমে বিঘ্ন, কাঁচামাল সরবরাহে সংকট এবং সরবরাহ ব্যবস্থায় (সাপ্লাই চেইন) নেতিবাচক প্রভাব পড়ছে। এর প্রভাব দেশের সামগ্রিক ব্যবসা-বাণিজ্য ও জাতীয় অর্থনীতিতেও পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে একাধিক সভা ও আলোচনায় আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে আইসিডি-গামী কনটেইনার পরিবহনের জন্য ন্যূনতম চারটি রেল ইঞ্জিন নির্ধারণ করে নিয়মিত ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সংগঠনটির দাবি, সেই সিদ্ধান্ত এখনো কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি।

তিন দফা দাবি

আইসিডি কমলাপুরকে কার্যকর ও ব্যবসাবান্ধব রাখতে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন তিনটি জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছে—

আইসিডি-গামী কনটেইনার পরিবহনের জন্য ন্যূনতম চারটি রেল ইঞ্জিন নির্ধারণ করে নিয়মিত ট্রেন পরিচালনা করতে হবে।

আটকে থাকা কনটেইনারের ক্ষেত্রে ডিটেনশন ও ডেমারেজ চার্জ অবিলম্বে স্থগিত বা মওকুফ করতে হবে।

ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি প্রতিরোধে দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

সংগঠনটি বলেছে, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি ফিরবে, চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট কমবে এবং আইসিডি কমলাপুরের কার্যক্রম আরও দক্ষ ও গতিশীল হবে।

এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান চেয়েছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন