ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

১২ ভাদ্র ১৪৩৩

চলন্ত বনলতা এক্সপ্রেসে ৩০ বোতল নিষিদ্ধ কফ সিরাপসহ নারী গ্রেপ্তার

প্রকাশ: ১২:৫০, ২৭ আগস্ট ২০২৬

চলন্ত বনলতা এক্সপ্রেসে ৩০ বোতল নিষিদ্ধ কফ সিরাপসহ নারী গ্রেপ্তার

রাজশাহীতে চলন্ত ট্রেনে অভিযান চালিয়ে ৩০ বোতল আমদানিনিষিদ্ধ কোডিনযুক্ত কফ সিরাপসহ এক নারীকে গ্রেপ্তার করেছে রাজশাহী রেলওয়ে থানা পুলিশ।

 

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী রেলওয়ে থানাধীন হরিয়ান রেলওয়ে স্টেশনের পশ্চিমের আউটারে পৌঁছালে এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান চলাকালে ট্রেনের ৭৯২৬ নম্বর কোচের ‘ঞ’ বগির ২৯ নম্বর সিটে থাকা মোছা. আনজুরা খাতুন (৩০)-কে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে থাকা কালো রঙের একটি স্কুলব্যাগ থেকে হালকা গোলাপি রঙের ওড়না ও চেক স্কার্টে মোড়ানো ৩০ বোতল Codeine Phosphate & Triprolidine Hydrochloride Syrup Eskuf উদ্ধার করা হয়।

 

উদ্ধার হওয়া প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৩ হাজার মিলিলিটার সিরাপ রয়েছে। পুলিশের দাবি, উদ্ধার করা সিরাপগুলো আমদানিনিষিদ্ধ এবং আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। এ সময় তার কাছ থেকে একটি পুরোনো মোবাইল ফোনও জব্দ করা হয়।

 

গ্রেপ্তার আনজুরা খাতুন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার মির্জাপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

 

এ ঘটনায় রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন