শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ১০:০১, ২৩ এপ্রিল ২০২৬
ট্রেনের ধাক্কায় নিহত অজ্ঞাত নারী
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (২২ এপ্রিল) বিকাল পৌনে ৪টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে কাজিয়াটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন।
ঢাকা থেকে ছেড়ে যাওয়া মহুয়া কমিউটার ট্রেনটি স্টেশনের দিকে যাওয়ার পথে রেললাইন পারাপারের সময় ওই নারীকে ধাক্কা দেয়।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্টেশন থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের আঘাতে ওই নারী দূরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, নিহত নারীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তার হাতে শাখা থাকায় তিনি সনাতন ধর্মাবলম্বী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
অসতর্কভাবে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।