শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ১১:২৬, ২৪ এপ্রিল ২০২৬
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেনের বগি বৃদ্ধি ও প্রয়োজনীয় সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (চাকসু)। চাকসুর এই কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে সাধারণ শিক্ষার্থীরাও এতে অংশ নেয়। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়। তাঁরা শাটল ট্রেনের বর্তমান সংকট তুলে ধরে নানা স্লোগান দেন। তাঁদের স্লোগানগুলো মধ্যে ছিল– 'আর কতকাল ভাঙ্গা ট্রেন, যুক্ত কর নতুন ট্রেন', 'ভাই-বোনদের নিরাপত্তা, নিশ্চিত কর-করতে হবে', 'এই মুহুর্তে দরকার, শাটলের সংস্কার', 'ফ্যান ঘুরেনা লাইট নাই, প্রশাসনের খবর নাই', 'পর্যাপ্ত বগি নাই, প্রশাসনের খবর নাই', 'ছাত্র মরে গরমে, ভিসি থাকে আরামে'।
শাটল ট্রেন সংস্কারের ১১ দফা দাবি:
আন্দোলনকারীরা শাটল ট্রেন সংস্কার নিয়ে ১১টি দাবি উত্থাপন করেন। তাঁদের দাবিগুলো হচ্ছে– ট্রেন সংখ্যা বৃদ্ধি, শাটল ট্রেনের বিকল্প রুট তৈরি ও অপারেশন ব্যবস্থার উন্নয়ন, কোচ বৃদ্ধির ব্যবস্থা, নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল নিশ্চিতকরণ, নিরাপত্তা কর্মী নিয়োগ, ইলেকট্রনিক সুবিধা নিশ্চিতকরণ, শাটল ট্রেনের গতি বৃদ্ধি, বগি সংস্কার ও রক্ষণাবেক্ষণ, স্টেশন অবকাঠামো ও পরিবেশ উন্নয়ন, স্টেশন প্ল্যাটফর্মের উন্নয়ন ও সম্প্রসারণ, শাটল স্টেশন ও ট্রেনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার।
এ বিষয়ে যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা বলেন, 'আমাদের শাটল ট্রেনের সমস্যা দীর্ঘদিনের। ২০১০-১২ সালের দিকে আমাদের দুইটি ট্রেন ও ডেমু ট্রেন ছিল। তখন বিশ্ববিদ্যালয়ে ৪৪টির মতো ডিপার্টমেন্ট ছিল। তবে বর্তমানে ডিপার্টমেন্টের সংখ্যা বাড়লেও উল্টো ট্রেনের বগি সংখ্যা কমেছে। এছাড়া প্রায়ই ট্রেনের শিডিউল বিপর্যয় ও মাঝ পথে বগি নষ্ট হওয়ার মতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে।'
তিনি আরও বলেন, 'সাবেক উপাচার্য ও ট্রেনের পরিচালককে বারবার ট্রেনের সমস্যাগুলো জানানো হলেও তাঁরা দৃশ্যমান পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। বর্তমান উপাচার্যকেও আমরা আমাদের ১১টি দাবি জানিয়েছি এবং আগামী রবিবার দুপুর ১২ টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছি। এর মধ্যে কোনো কোনো পদক্ষেপ নেওয়া না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।'