শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৯, ৭ জুলাই ২০২৬ | আপডেট: ১০:৩৯, ৭ জুলাই ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে অভিযান চালিয়ে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ১০ কেজি কথিত গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
সোমবার (৬ জুলাই) ভোর ৪টা ৫০ মিনিটে অবৈধ মালামাল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানটি পরিচালিত হয় সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপার জান্নাত আফরোজের নির্দেশনায়।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের ৩ নম্বর লাইনে মেমোর মাধ্যমে থামানো ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ‘ঙ’, ‘চ’ ও ‘ছ’ বগির ছাদে তল্লাশি চালানো হয়। এ সময় মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় পাঁচটি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২ কেজি করে মোট ১০ কেজি কথিত গাঁজা পাওয়া যায়।
সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপার জান্নাত আফরোজ বলেন, “রেলপথে মাদক ও অবৈধ মালামাল পরিবহন রোধে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।”
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।